অনুপ্রবেশকারীদের ঘাড়ধাক্কা, ঘরে ফেরা আর ৩ সন্তান: লখনউতে হিন্দু সমাজকে কড়া বার্তা আরএসএস প্রধানের

হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার পাশাপাশি এক বিস্ফোরক নিদান দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার লখনউয়ের সরস্বতী শিশু মন্দিরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিটি হিন্দু পরিবারের কমপক্ষে তিনটি করে সন্তান নেওয়া উচিত। ভাগবতের মতে, প্রজনন হার কমে গেলে ভবিষ্যতে এই সমাজ বিলুপ্তির পথে এগিয়ে যেতে পারে।

৩ সন্তানের বৈজ্ঞানিক যুক্তি: ভাগবত এদিন বৈজ্ঞানিক মতামতের দোহাই দিয়ে জানান, গড় প্রজনন হার ৩-এর কম হলে যে কোনো সমাজ বা গোষ্ঠী ধীরে ধীরে বিলীন হয়ে যায়। নববিবাহিত দম্পতিদের পরামর্শ দিয়ে তিনি বলেন, “বিয়ের উদ্দেশ্য কেবল নিজেদের ইচ্ছা পূরণ নয়, বরং সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া।” তাঁর মতে, সমাজকে শক্তিশালী করতে জনসংখ্যা বৃদ্ধির এই ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি।

অনুপ্রবেশকারী ও ধর্মান্তর ইস্যুতে কড়া অবস্থান: হিন্দুদের জন্য সরাসরি কোনো হুমকি না থাকলেও ‘সতর্কতা’র প্রয়োজন আছে বলে মনে করেন আরএসএস প্রধান। তিনি স্পষ্ট জানান, লোভ দেখিয়ে বা জোর করে ধর্মান্তরকরণ অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ থেকে বের করে দেওয়ার পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি। ভাগবতের সাফ কথা, “অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে অপসারণ করতে হবে, এ দেশে তাঁদের কোনো কর্মসংস্থান দেওয়া উচিত নয়।”

নারীশক্তি ও সামাজিক সম্প্রীতি: নারীদের ‘দুর্বল’ হিসেবে দেখার মানসিকতা ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ভাগবত। তিনি বলেন, মাতৃশক্তিই পরিবারের ভিত্তি, তাই তাঁদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়া উচিত। পাশাপাশি বর্ণ বিভাজন নিয়ে সতর্ক করে তিনি জানান, জাতপাতের লড়াই যেন সংঘাতের কারণ না হয়। যারা হিন্দু ধর্ম ত্যাগ করেছেন, তাঁদের সসম্মানে ‘ঘরে ফিরিয়ে আনা’ এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, সনাতন ধর্ম হলো সমন্বয়ের দর্শন, যেখানে মতভেদ থাকলেও শত্রুতা থাকা উচিত নয়।