লক্ষ্মীবারের আগে বড় চমক! পরপর ৩ দিন কমলো সোনার দাম, কলকাতায় আজ কত?

বিয়ের মরসুমের মাঝেই সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। লক্ষ্মীবারের ঠিক আগেই কলকাতায় সোনার দামে দেখা গেল বড়সড় পতন। সোমবার এবং মঙ্গলবার দাম কমার পর বুধবারও বজায় রইল সেই ধারা। অর্থাৎ, চলতি সপ্তাহের টানা তিন দিন বাজারদর নামল নিম্নমুখী। তবে সোনা সস্তা হলেও রুপোর দাম কিন্তু আজ ঊর্ধ্বমুখী।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির তথ্য অনুযায়ী, বুধবার কলকাতায় ২৪ ক্যারেট (৯৯৫) সোনার প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১৫,২০৩ টাকা, যা মঙ্গলবার ছিল ১৫,২২৮ টাকা। অন্যদিকে, গয়না তৈরির ২২ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি ১৪,৪৭০ টাকা থেকে কমে হয়েছে ১৪,৪৪৫ টাকা। যারা পুরনো সোনা বিক্রি করতে চাইছেন, তাদের জন্য ২২ ক্যারেটের বিক্রয় মূল্য দাঁড়িয়েছে গ্রাম প্রতি ১৩,৮৩৪ টাকা। ১৮ ক্যারেট সোনার দামও সামান্য কমে হয়েছে ১১,৮৬০ টাকা।
তবে সোনা সস্তা হলেও রুপো আজ মধ্যবিত্তের পকেটে টান দিচ্ছে। মঙ্গলবার ১ কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৪১ হাজার ৭৫৩ টাকা। বুধবার তা প্রায় ১,৬৬৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৩ হাজার ৪২২ টাকায়। উল্লেখ্য, এই দামের সঙ্গে আরও ৩ শতাংশ জিএসটি এবং গয়নার ক্ষেত্রে মেকিং চার্জ আলাদাভাবে যুক্ত হবে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাজারের অস্থিরতার কারণেই সোনার দামে এই পতন দেখা যাচ্ছে, যা গয়না ক্রেতাদের জন্য এক সুবর্ণ সুযোগ হতে পারে।