মা হতে চাওয়ার হাহাকার না কি মানসিক অসুখ? দিল্লির ভারত মণ্ডপমে মুগ্ধতা ছড়ালো বাংলার ‘সাইলেন্স অফ দ্য উম্ব’

বাঙালি পরিচালকের হাত ধরে বিশ্বচলচ্চিত্রের মঞ্চে ফের উজ্জ্বল হল বাংলা সিনেমা। তরুণ পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘ন’মাস ন’দিন এবং অন্তহীন’ (Silence of the Womb) দিল্লির ‘অষ্টাদশ জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং যোধপুরের ‘দ্বাদশ রাজস্থান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ একাধিক শীর্ষ সম্মান ছিনিয়ে নিয়েছে। জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে ‘ফার্স্ট ফিচার ফিকশন ফিল্ম’ বিভাগে পরিচালক জিতেছেন মর্যাদাপূর্ণ ‘ওয়েলকাম রিগার্ড অ্যাওয়ার্ড’। অন্যদিকে, যোধপুরে ছবিটি ‘সেরা আঞ্চলিক চলচ্চিত্র’ হিসেবে পুরস্কৃত হয়েছে এবং সৌম্যদীপ পেয়েছেন ‘বেস্ট ডেবিউ ডিরেক্টর’ (ক্রিটিকস চয়েস) শিরোপা।

ছবির মূল বিষয়বস্তু হল ‘ফ্যান্টম প্রেগন্যান্সি’ বা ‘ফলস প্রেগনেন্সি’—যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটি জটিল মানসিক অবস্থা। এতে একজন নারী গর্ভবতী না হওয়া সত্ত্বেও মানসিকভাবে এতটাই বিশ্বাস করেন যে তিনি মা হতে চলেছেন, যে তাঁর শরীরেও অন্তঃসত্ত্বা হওয়ার যাবতীয় লক্ষণ দেখা দেয়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়া ভট্টাচার্য (যাঁকে ‘জেষ্ঠ্যপুত্র’ ছবিতে দেখা গিয়েছিল) এবং তাঁর স্বামীর ভূমিকায় রয়েছেন সাগ্নিক মুখোপাধ্যায়। একটি পরিবার এবং সমাজ কীভাবে এই পরিস্থিতির সম্মুখীন হয় এবং শেষমেশ সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায়, তারই এক মর্মস্পর্শী আখ্যান এই ছবি। ইতিপূর্বেও এই ছবিটি লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ও মধ্যপ্রদেশের বিন্ধ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রশংসা কুড়িয়েছে।