Guskara Airfield: বর্ধমানের জঙ্গলে লুকিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাড়হিম করা ইতিহাস! আজও জ্যান্ত মার্কিন সেনার গোপন ঘাঁটি

পূর্ব বর্ধমানের গুসকরার ওরগ্রাম জঙ্গলের গভীরে আজও কান পাতলে যেন শোনা যায় যুদ্ধবিমানের গর্জন আর মার্কিন সেনাদের রণহুঙ্কার। এই নির্জন জঙ্গলের বুকেই লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক রোমাঞ্চকর ইতিহাস— ‘গুসকরা এয়ারফিল্ড’। ১৯৪২ সালে ব্রিটিশ শাসকদের নির্দেশে এবং স্থানীয় শ্রমিকদের ঘাম ও রক্তে তৈরি হয়েছিল এই কৌশলগত বিমানঘাঁটি। ১৯৪৪ সালে কাজ শেষ হওয়ার পর, এখান থেকেই মার্কিন বায়ুসেনার দুর্ধর্ষ ‘রেড হক’ বাহিনী বোমারু বিমানে করে নজরদারি চালাত তৎকালীন বার্মা, চিন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ওপর।
জাপানি সেনার গতিবিধি রুখতে এবং রেঙ্গুন পুনরুদ্ধারের লক্ষ্যে এই ঘাঁটিটি ছিল মিত্রশক্তির প্রধান অস্ত্র। রানওয়ে থেকে শুরু করে সেনাদের ব্যারাক আর গোলাবারুদ রাখার গুদাম— সবই তৈরি হয়েছিল নিপুণ দক্ষতায়। ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের পর যুদ্ধের অবসান ঘটলে, রাতারাতি গুরুত্ব হারায় এই ঘাঁটি। আজ সেই ব্যস্ত এয়ারস্ট্রিপ ধুধু করছে নির্জনতায়। পরিত্যক্ত রানওয়েতে এখন স্থানীয়রা ধান শুকোন কিংবা ঝাড়াই-বাছাই করেন। ইতিহাসের সাক্ষী থাকা সেই কংক্রিটের ধ্বংসাবশেষ আজও মনে করিয়ে দেয় সেই ভয়াবহ দিনগুলোর কথা। ভ্রমণপিপাসু আর ইতিহাসপ্রেমীদের কাছে বর্ধমানের এই জঙ্গলঘেরা এয়ারফিল্ড আজও এক পরম বিস্ময়।