সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে নির্দেশ? সি মুরুগানকে কাঠগড়ায় তুলে কমিশনের মুখোশ খুললেন অভিষেক!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বোমা ফাটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের ‘ভিতরের চ্যাট ফাঁস’ করে তাঁর সরাসরি অভিযোগ—সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। বুধবার সমাজমাধ্যম ‘X’-এ একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে অভিষেক দেখিয়েছেন, কীভাবে বিশেষ রোল পর্যবেক্ষক সি. মুরুগান সরাসরি নির্দেশ জারি করছেন।

অভিষেকের দাবি, দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছিল যে মাইক্রো পর্যবেক্ষকদের ভূমিকা হবে কেবল সহযোগিতামূলক, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও (ERO)। কিন্তু ফাঁস হওয়া চ্যাটে দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে, যার লক্ষ্যই হলো বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে ফেলা। অভিষেকের প্রশ্ন, “আইনগত পদ্ধতি উপেক্ষা করে কার নির্দেশে এই কাজ চলছে?”

তৃণমূল নেতার অভিযোগের তির আরও গভীরে। তিনি দাবি করেছেন, জেলাভিত্তিক পর্যবেক্ষকদের লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড কলকাতার কোনো এক কেন্দ্রীয় জায়গা থেকে অ্যাক্সেস করা হচ্ছে। এমনকি ডিজিটাল টাওয়ার লোকেশন এবং আইপি অ্যাড্রেস পরীক্ষা করলে দেখা যাবে, পর্যবেক্ষকরা যেখানে আছেন, কাজ চলছে অন্য কোথাও থেকে। অভিষেকের বিস্ফোরক অভিযোগ, দিল্লির ‘রাজনৈতিক প্রভুদের’ খুশি করতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে তিনি নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন।