যুবসাথী ২০২৬: অনলাইনে আবেদন না কি অফলাইনে সুবিধা? লাইনে দাঁড়ানোর ঝক্কি এড়াতে জেন নিন সঠিক উপায়!

বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া ২০২৬ সালে বড়সড় বদল আনা হয়েছে। এখন আর সরকারি দপ্তরে বা ক্যাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই; মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করা সম্ভব হচ্ছে। তবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমই খোলা রয়েছে। কিন্তু দ্রুত রেজিস্ট্রেশন নম্বর এবং রিসিভ কপি পাওয়ার ক্ষেত্রে অনলাইন আবেদনই সবথেকে সুবিধাজনক বলে মনে করছেন আবেদনকারীরা।

আবেদন করার আগে যে শর্তগুলি মানতে হবে:

  • বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • বয়স: ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।

  • অবস্থা: আবেদনকারীকে কর্মহীন বা বেকার হতে হবে। অন্য কোনো সরকারি ভাতা (স্কলারশিপ বাদে) নিলে আবেদন বাতিল হতে পারে।

  • সতর্কতা: ভুল তথ্য দিলে আইনি পদক্ষেপ নেওয়ার সংস্থানও রেখেছে রাজ্য সরকার।

অনলাইন ও অফলাইন: কোন পদ্ধতি কেমন? অনলাইনে আবেদন করলে সরাসরি পোর্টাল থেকে একনোলেজমেন্ট স্লিপ পাওয়া যায় এবং তথ্য হারানোর ভয় থাকে না। অন্যদিকে, অফলাইনে ফর্ম জমা দিলে অবশ্যই মনে করে সই-সিলসহ স্লিপ সংগ্রহ করতে হবে। অফলাইন ফর্মের ক্ষেত্রে ইংরেজি বড় হাতের অক্ষরে নীল বা কালো কালিতে তথ্য পূরণ করতে হয় এবং এতে ‘দুয়ারে সরকার’ রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা জরুরি।

প্রয়োজনীয় নথিপত্র: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, আধার ও ভোটার কার্ড, ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতা এবং কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)। আবেদনের আগে সমস্ত নথি স্ক্যান করে পিডিএফ আকারে প্রস্তুত রাখা শ্রেয়।