ছাত্রীদের কুপ্রস্তাব, লাগাতার অশ্লীল মেসেজ, ধৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

ছাত্রীদের লাগাতার কুপ্রস্তাব, অশ্লীল মেসেজ পাঠানো এবং যৌন হেনস্থার অভিযোগে উত্তাল ডায়মন্ড হারবারের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের আন্দোলনের চাপে অবশেষে অভিযুক্ত শিক্ষক রবিকান্ত বল্লভকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
কী ঘটেছিল বিশ্ববিদ্যালয়ে? বিক্ষোভকারী ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত অধ্যাপক তাঁদের ফোনে কুরুচিকর মেসেজ পাঠাতেন। বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাস কিংবা পরীক্ষার আগে নম্বর বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া ও যৌন হেনস্থা করা ছিল তাঁর নিত্যদিনের অভ্যাস। গত শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়তে থাকে পড়ুয়াদের মধ্যে।
মঙ্গলবার সকালের রণক্ষেত্র পরিস্থিতি: সোমবার থেকেই বিক্ষোভ দানা বাঁধলেও মঙ্গলবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, অভিযুক্ত অধ্যাপককে ক্যাম্পাসের কোয়ার্টারের সামনে অত্যন্ত বেপরোয়া ভঙ্গিতে হাফপ্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াতে দেখে পড়ুয়ারা ফেটে পড়েন। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের গেট আটকে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৫ ঘণ্টা টানা বিক্ষোভের পর পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ও আইনি পদক্ষেপ: বিশ্ববিদ্যালয়ের সরিষা ক্যাম্পাসের সহ-সভাপতি সুভাষ মুখোপাধ্যায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (ICC) অভিযুক্তকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি বিশপ সরকার জানিয়েছেন, ছাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, বুধবার ধৃতকে আদালতে তোলা হবে।