‘নথি ছিনতাই করেছেন মমতাই!’ সুপ্রিম কোর্টে বিস্ফোরক হলফনামা ইডির, তুঙ্গে আইপ্যাক বিতর্ক

আইপ্যাক (I-PAC) অফিসে ইডির তল্লাশি এবং তাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের ঘটনায় আইনি লড়াই এবার চূড়ান্ত পর্যায়ে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া হলফনামার পাল্টা হলফনামা পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় সংস্থার দাবি, আইপ্যাক অফিসে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী কেবল সেখানে অনাহুতভাবে প্রবেশই করেননি, বরং গায়ের জোরে তদন্তকারী আধিকারিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়েছেন।
ইডির বিস্ফোরক দাবি:
পাল্টা হলফনামায় ইডি স্পষ্ট জানিয়েছে, ৮ জানুয়ারির সেই অভিযান কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। বরং তদন্ত চলাকালীন রাজ্যের প্রশাসনিক প্রধানের এই আচরণ কেন্দ্রীয় এজেন্সির ‘মৌলিক অধিকার’ খর্ব করেছে। ইডির আইনজীবী এসভি রাজু আদালতে সওয়াল করেন যে, বর্তমানে কেন্দ্রীয় সংস্থাকেই ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, রাজ্যের আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন—কীভাবে একটি কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
অতীতের ঘটনাক্রম ও শুনানি:
গত ৮ জানুয়ারি আইপ্যাক অফিসে হানা দেয় ইডি। এর পাল্টা হিসেবে ১৫ জানুয়ারি ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ, যার ওপর পরবর্তীকালে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। গত ৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হলফনামা দিয়ে দাবি করেছিলেন যে, তিনি তদন্তের কোনো নথি নেননি, কেবল নিজের দলের নথিপত্র সঙ্গে এনেছিলেন। এর আগে কপিল সিব্বালের অসুস্থতা এবং ইডির আইনজীবীর সময় চাওয়ার কারণে দু’বার শুনানি পিছিয়ে গিয়েছিল। ১৮ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকলেও সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তাঁরা একটি ‘রিজয়েন্ডার’ (Rejoinder) ফাইল করতে চান।
দোল পূর্ণিমার পর শুনানি:
সলিসিটর জেনারেলের আবেদনের ভিত্তিতে আদালত মামলাটি দোল উৎসবের পর পর্যন্ত স্থগিত রেখেছে। আগামী ১৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ প্রশ্ন তুলেছেন, “বিজেপি বা ইডি কেন আগে এই সব কথা বলতে পারেনি? মমতা বন্দ্যোপাধ্যায় তো হলফনামায় সব স্পষ্ট করে দিয়েছেন। এখন কেন নতুন করে বয়ান বদলানো হচ্ছে?” সব মিলিয়ে, ১৮ মার্চের শুনানির দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।