“বাবরি মসজিদের টাকা আসছে বাংলাদেশ থেকে?”-শুভেন্দুর অভিযোগ, হুমায়ুনের ‘চ্যালেঞ্জ’

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলার রাজনৈতিক পারদ ততই চড়ছে। মুর্শিদাবাদে নির্মীয়মাণ ‘বাবরি মসজিদ’ ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের লড়াই এবার নজিরবিহীন মোড় নিল। শুভেন্দুর বিস্ফোরক অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই কড়া ভাষায় পালটা দিলেন ভরতপুরের বিধায়ক।
শুভেন্দুর সেই চাঞ্চল্যকর অভিযোগ মঙ্গলবার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী দাবি করেন, মুর্শিদাবাদের বেলডাঙায় যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, তার ৫০ শতাংশ টাকা আসছে বাংলাদেশ থেকে। তাঁর অভিযোগ, গত বছর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে গিয়ে এক সপ্তাহ ডেরা গেড়েছিলেন হুমায়ুন। সেখানে জামাত ঘনিষ্ঠ শক্তির মদতে বিপুল অর্থ সংগ্রহ করেছেন তিনি।
হুমায়ুনের চ্যালেঞ্জ ও ব্যক্তিগত আক্রমণ বুধবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দুর এই দাবি উড়িয়ে দেন হুমায়ুন কবীর। তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “১ টাকাও বাংলাদেশ বা সৌদি আরব থেকে আনার প্রমাণ দিতে পারলে শুভেন্দু যা বলবেন আমি তা-ই শুনব।” সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করে তাঁর প্রশ্ন, “হাতে তো ইডি-সিবিআই আছে, কেন তদন্ত করাচ্ছে না?”
তবে রাজনৈতিক তর্কের গণ্ডি ছাড়িয়ে শুভেন্দুকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি হুমায়ুন। তিনি বিদ্রুপ করে বলেন, “বিরোধী দলনেতার জন্য একটা সুন্দর মেয়ে দেখা দরকার, যিনি ওঁর জীবনসঙ্গিনী হয়ে মাথা ঠান্ডা রাখবেন। নাহলে ভোট আসতে আসতে ওঁর মাথার চিকিৎসা করাতে হবে।” হুমায়ুনের দাবি, বাংলাদেশে তিনি কেবল আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাঁর সফরের যাবতীয় তথ্য স্বচ্ছ।