মাত্র দেড় ঘণ্টার সফরে বাংলায় শাহ, পা রাখবেন ISCKON মন্দিরেও

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরেই কলকাতা বিমানবন্দরে পা রাখছেন তিনি। তবে এই সফরে কোনো রাজনৈতিক জনসভা নয়, বরং মায়াপুরে ইসকনের এক বিশেষ আধ্যাত্মিক কর্মসূচিতে যোগ দিতেই তাঁর এই ঝটিকা সফর।

মায়াপুরে কী কর্মসূচি শাহের? সূত্রের খবর, শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মোৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন অমিত শাহ। সূচি অনুযায়ী, দুপুর ২টো ২৫ মিনিটে বায়ুসেনার হেলিকপ্টারে মায়াপুর হেলিপ্যাডে নামবেন তিনি। সেখান থেকে গল্ফ কার্টে চড়ে মন্দির প্রাঙ্গণে যাবেন। মন্দিরের পথে রাস্তার দু’পাশে নাম সংকীর্তনের মাধ্যমে তাঁকে স্বাগত জানানোর রাজকীয় প্রস্তুতি নিয়েছে ইসকন কর্তৃপক্ষ।

পুজো দেবেন রাধামাধব চরণে মায়াপুরে পৌঁছে প্রথমে শঙ্খভবন ও পদ্মভবন পরিদর্শন করতে পারেন শাহ। এরপর ইসকন প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। মন্দির সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংহ দেবের পূজন ছাড়াও চৈতন্য মহাপ্রভু, রাধামাধব ও অষ্টসখীর চরণে পুজো দেবেন। বেলা ৩টে নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখবেন তিনি। ভারতের সনাতন সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্য নিয়ে তাঁর ভাষণ নদিয়া তথা বাংলার মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিরাপত্তার চাদরে মায়াপুর বিকেল ৩টে ২৫ মিনিটে ফের কলকাতার উদ্দেশ্যে উড়ে যাবেন শাহ। যদিও এটি অরাজনৈতিক সফর, তবুও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং নদীয়া জেলার নেতারা এদিন মায়াপুরে উপস্থিত থাকতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে নদীয়া জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করেছে। হেলিপ্যাড থেকে মন্দির—পুরো এলাকা কার্যত দুর্গে পরিণত করা হয়েছে।