মার্চেই হবে রাজ্যসভার ভোট, দিন ঘোষণা কমিশনের, বাংলার কোন কোন আসন নজরে?

দেশজুড়ে ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি আসন। বর্তমান বিধানসভার পাটিগণিত অনুযায়ী, এই ৫টি আসনের মধ্যে ৪টি তৃণমূলের এবং ১টি বিজেপির দখলে যাওয়া নিশ্চিত।

বাংলার ৫ শূন্য আসন ও বর্তমান পরিস্থিতি: আগামী ২ এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে ৫ জন রাজ্যসভা সাংসদের মেয়াদ ফুরোচ্ছে। এঁরা হলেন— তৃণমূলের সুব্রত বক্সী, সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম-এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এছাড়া কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া মৌসম নুর ইস্তফা দেওয়ায় একটি আসন গত জানুয়ারি থেকেই খালি পড়ে রয়েছে। বর্তমান বিধানসভায় বামেরা শূন্য হওয়ায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আসনটি এবার হারাবে বাম শিবির।

তৃণমূল ও বিজেপির অন্দরে টিকিট নিয়ে লড়াই: তৃণমূলের অন্দরে চর্চা শুরু হয়েছে প্রার্থী নিয়ে। সুব্রত বক্সীর বয়স এবং শারীরিক অবস্থার কারণে তিনি অব্যাহতি চাইলে নতুন কোনো মুখকে সুযোগ দেওয়া হতে পারে। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক মাথায় রেখে কোনো সংখ্যালঘু নেতাকে টিকিট দেওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, সাকেত গোখলে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পূর্ণ মেয়াদ না পাওয়ায় এবং সংসদে তাঁদের সক্রিয় ভূমিকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ওপর ফের আস্থা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে।

গেরুয়া শিবিরেও সাজ সাজ রব। একটি আসনের জন্য দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠকের খবর চাউর হয়েছে। বিজেপির সম্ভাব্য তালিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, প্রাক্তন সভাপতি রাহুল সিনহা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী