মার্চের শুরুতেই কি ভোটের দামামা? অসম দখলের ব্লু-প্রিন্ট সাজালেন অমিত শাহ-হিমন্ত বিশ্বশর্মা

২০২৬-এর অসম বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আর এই মহাযুদ্ধের আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করতে এক নজিরবিহীন রদবদলের পথে হাঁটছে গেরুয়া শিবির। দলের অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে, যে সমস্ত বর্তমান বিধায়কের বিরুদ্ধে জনমানসে ক্ষোভ রয়েছে বা যাঁদের পারফরম্যান্স সন্তোষজনক নয়, তাঁদের এবার আর টিকিট দেবে না বিজেপি।

বিজেপি সূত্রের দাবি, আসন্ন নির্বাচনে অন্তত ২৫ থেকে ৩০টি আসনে নতুন মুখ আনতে পারে দল। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ‘পারফরম্যান্স’ এবং জনগণের মনোভাবকে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে গোপন সমীক্ষা চালিয়ে সাধারণ মানুষের ফিডব্যাক সংগ্রহ করা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই তৈরি হচ্ছে চূড়ান্ত তালিকা। বিজেপি স্পষ্ট করে দিয়েছে, জয়ের জন্য কোনো ঝুঁকি নেওয়া হবে না।

ভোটের দিনক্ষণ ও প্রচার কৌশল
নির্বাচন কমিশন সূত্রের খবর, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ অসমের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। যদি তাই হয়, তবে মার্চের শুরু থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর হয়ে যাবে। প্রচারের জন্য দলগুলি প্রায় ২৫ দিনের মতো সময় পেতে পারে এবং এপ্রিলের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে ভোটগ্রহণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বেই বিজেপি এই নির্বাচনে ঝাঁপাবে।

বিজেপির রণকৌশলকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে— ‘ম্যাক্রো’ এবং ‘মাইক্রো’। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, যেমন— পরিকাঠামো উন্নয়ন, হিন্দুত্ব, নারী ক্ষমতায়ন এবং মোদী প্রশাসনের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে বড় প্রচারে আনা হবে। অন্যদিকে, কংগ্রেস এবং বিশেষ করে গৌরব গগৈয়ের বিরুদ্ধে আক্রমণ শানাতেও পিছপা হবে না বিজেপি।

তৃণমূল স্তরে বিশেষ নজর
তৃণমূল স্তরে স্থানীয় এবং জাতিগত সমস্যার সমাধানে বিশেষ জোর দিচ্ছে সরকার। গ্রাম, ব্লক এবং জেলা স্তরে প্রায় ১০০টি ছোট-বড় সমস্যাকে চিহ্নিত করেছে রাজ্য প্রশাসন। চা বাগানের শ্রমিক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিদাওয়া মেটানোর মাধ্যমেই ভোটব্যাঙ্ক মজবুত করতে চাইছে বিজেপি। প্রচারকে তুঙ্গে নিয়ে যেতে ভোট ঘোষণার পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৮ থেকে ১০টি জনসভার পরিকল্পনাও সেরে রেখেছে দল।