ভোটার লিস্টে নাম নেই? দুশ্চিন্তা ছাড়ুন! ২৮ ফেব্রুয়ারির পর কী করবেন, কোথায় যাবেন? রইল গাইডলাইন

আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) বা ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি দেখেন চূড়ান্ত তালিকায় আপনার নাম নেই, তবে ঘাবড়ে যাবেন না। ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে আপনার হাতে এখনও বেশ কিছু পথ খোলা আছে।
কীভাবে চেক করবেন আপনার নাম? প্রথমে electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে যান। সেখানে আপনার এপিক (EPIC) নম্বর, ফোন নম্বর বা নাম দিয়ে সার্চ করলেই ভোটার তালিকায় আপনার অস্তিত্ব নিশ্চিত করতে পারবেন। যদি এপিক নম্বর না থাকে, তবে voters.eci.gov.in থেকে আপনার বুথের ‘ইলেক্টরাল রোল’ ডাউনলোড করে নাম খুঁজে নিতে পারেন।
নাম না থাকলে পরবর্তী পদক্ষেপ:
-
ডিইও-র কাছে আবেদন: তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO)-র কাছে লিখিত আবেদন জানাতে পারেন।
-
সিইও-র কাছে চ্যালেঞ্জ: ডিইও যদি আপনার নাম না তোলার সিদ্ধান্ত নেয়, তবে তার পরবর্তী ১৫ দিনের মধ্যে রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের (CEO) কাছে আবেদন জানানো যায়।
-
নতুন আবেদন (ফর্ম ৬): যদি সব চেষ্টাই ব্যর্থ হয়, তবে নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ‘ফর্ম ৬’ (Form 6) জমা দিন। অনলাইনে Voter Helpline App বা সরাসরি বিএলও-র (BLO) কাছে এই ফর্ম জমা দেওয়া যাবে। মনোনয়ম জমা দেওয়ার শেষ দিনের অন্তত ১০ দিন আগে পর্যন্ত এই আবেদন করা যায়।
মনে রাখবেন, ভোটার তালিকায় নাম থাকা আপনার গণতান্ত্রিক অধিকার। তাই ২৮ তারিখ তালিকা প্রকাশের পর অবশ্যই নিজের ও পরিবারের নাম মিলিয়ে নিন।