পেস ছেড়ে ‘স্পিন’! রাতারাতি ভোলবদল শোয়েব আখতারের, পিসিবি কর্তাকে নিয়ে কেন খেললেন ডিগবাজি?

মাঠে বল হাতে গতির ঝড় তুলতেন তিনি, কিন্তু মাঠের বাইরে তাঁর কথার ‘ডিগবাজি’ এখন হাসির খোরাক জোগাচ্ছে ক্রিকেট মহলে। তিনি পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে ৬১ রানে লজ্জাজনক হারের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ‘অযোগ্য’ ও ‘অশিক্ষিত’ বলে আক্রমণ করেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই ভোলবদল! সুর বদলে এখন নাকভিকে ‘ভালো মানুষ’ বলছেন শোয়েব।

আচমকা এই ভোলবদলের কারণ হিসেবে শোয়েব ভারতের সংবাদমাধ্যমকেই দুষছেন। এক পাকিস্তানি সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, “আমি মহসিনকে লক্ষ্য করে কিছু বলিনি। অযোগ্য মন্তব্যটি ছিল বোর্ডের উঁচু মহলের জন্য। ভারতীয় টিভি চ্যানেলগুলো কথা ঘুরিয়ে দেখাচ্ছে।” এমনকি তিনি এও যোগ করেন যে, মহসিন আসলে পাকিস্তান ক্রিকেটের উন্নতি চান, কিন্তু তিনি সবসময় সঠিক পরামর্শদাতা পান না।

তবে ক্রিকেটে বিশেষজ্ঞদের মতে, পাক বোর্ডের অভ্যন্তরীণ চাপেই এই সুরবদল। ভারতের কাছে ৮-১ স্কোরলাইন হওয়ার পর শোয়েব যে ভাষায় বোর্ড ও তারকা ক্রিকেটারদের আক্রমণ করেছিলেন, তা নিয়ে তোলপাড় শুরু হয় দুই দেশেই। একদিনের মাথায় তাঁর এই মন্তব্য পরিবর্তনের ঘটনাটি প্রমাণ করে দিচ্ছে যে, ব্যর্থতার দায়ে পাকিস্তান ক্রিকেটের অন্দরে এখন চরম অস্থিরতা চলছে। শোয়েবের এই ‘পেসার থেকে স্পিনার’ হওয়ার ঘটনাটি এখন নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।