সকালের জলখাবারে দোকানের মতো খাস্তা ‘হিংয়ের কচুরি’! জেনে নিন শেফদের গোপন সিক্রেট

রোববার সকাল হোক বা বৃষ্টির সন্ধে, এক থালা গরম গরম হিংয়ের কচুরি আর আলুর দমের কোনো বিকল্প নেই। অনেকেই মনে করেন দোকানের মতো খাস্তা ভাব বা সেই বিশেষ সুগন্ধ বাড়িতে আনা অসম্ভব। কিন্তু আসলে কৌশল লুকিয়ে আছে ডালের পুর আর ময়দার ‘ময়ানে’। বাইরের অস্বাস্থ্যকর তেল এড়িয়ে বাড়িতেই কীভাবে তৈরি করবেন কলকাতার স্টাইল হিংয়ের কচুরি? রইল তার সহজ পদ্ধতি।

উপকরণ: ২ কাপ ময়দা, ৪-৫ ঘণ্টা ভেজানো ১/২ কাপ বিউলির ডাল, ১ চা চামচ হিং, আদা-কাঁচালঙ্কা বাটা, মৌরি এবং পরিমাণমতো নুন-চিনি।

পুর তৈরির ম্যাজিক: প্রথমে ডাল বাটা করে নিয়ে কড়াইতে হিং ও মৌরি ফোড়ন দিন। আদা বাটা ও ডাল বাটা দিয়ে নুন-চিনি সহযোগে ভালো করে কষান যতক্ষণ না তা শুকিয়ে কড়াই থেকে ছেড়ে আসছে। মনে রাখবেন, হিংয়ের মান যত ভালো হবে, কচুরির স্বাদ তত বেশি হবে।

ময়দা মাখার টিপস: ময়দায় নুন, চিনি, কালো জিরে, জোয়ান এবং ৩-৪ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিন। মুঠি করলে ময়দা দলা পেকে গেলে বুঝবেন ময়ান ঠিক হয়েছে। ঈষদুষ্ণ জল দিয়ে মাখলে কচুরি অনেক বেশি খাস্তা হয়। এরপর লেচির ভেতরে ডালের পুর ভরে হালকা হাতে বেলে ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিলেই তৈরি। আলুর দম বা ছোলার ডাল দিয়ে পরিবেশন করুন এই রাজকীয় খাবার।