বাবার ‘জমি’ প্রেম আর স্ত্রীর ‘রুপো’র টিপস! বচ্চন পরিবারের গোপন ইনভেস্টমেন্ট মন্ত্র ফাঁস করলেন অভিষেক

টাকা উপার্জন করা যতটা কঠিন, তা সঠিক জায়গায় বিনিয়োগ করে টিকিয়ে রাখা তার চেয়েও বড় চ্যালেঞ্জ। আর এই কঠিন কাজটিই হেলায় সামলাচ্ছেন অভিষেক বচ্চন। সম্প্রতি এক আন্তর্জাতিক ব্যবসা সম্মেলনে অভিনেতা ফাঁস করলেন তাঁর অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি। তাঁর এই বাণিজ্যিক বুদ্ধির পেছনে রয়েছে দুই স্তম্ভ—বাবা অমিতাভ বচ্চন এবং স্ত্রী ঐশ্বর্য রাই।
অভিষেকের মতে, তাঁর বাবা অমিতাভ বচ্চনের একটি বিশ্বাস তাঁর জীবনের মন্ত্র হয়ে দাঁড়িয়েছে: “জমি আছে তো সব ঠিক আছে।” অর্থাৎ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগই সবচেয়ে নিরাপদ। অন্যদিকে, সোনা বা প্রথাগত বিনিয়োগের বাইরে তাঁকে রুপো নিয়ে ভাবার পরামর্শ দিয়েছিলেন স্ত্রী ঐশ্বর্য। সেই পরামর্শ মেনে অভিষেক আজ বড়সড় লাভের মুখ দেখেছেন। মুম্বইয়ে প্রায় ২১৯ কোটি টাকার কাছাকাছি স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ রয়েছে জুনিয়র বচ্চনের।
বিনিয়োগের পাশাপাশি বিজ্ঞাপনী দুনিয়াতেও অভিষেক বেশ সচেতন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে পণ্য তিনি নিজে ব্যবহার করেন না, তার প্রচার করাকে তিনি ‘অসততা’ মনে করেন। প্রিয় খাবারের প্রতি ভালোবাসা থেকেই তিনি ‘নাগিন’ সস বা থানের জনপ্রিয় ‘মামলেদার মিসাল’-এর মতো সংস্থায় বিনিয়োগ করেছেন। প্রো কবাডি লিগের ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স’ এবং আইএসএল-এর ‘চেন্নাইয়িন এফসি’-র মতো সফল স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির মালিক অভিষেক এভাবেই বলিউডের গ্ল্যামার আর ব্যবসার ভারসাম্য রক্ষা করে চলেছেন।