প্রতীক-উরের পর কি এবার সৃজন? সিপিএমের ‘পোস্টার বয়’-এর দলবদল নিয়ে তুঙ্গে জল্পনা!

বাংলার বাম রাজনীতিতে এখন বড়সড় রদবদলের হাওয়া। এসএফআই-এর দীর্ঘদিনের পরিচিত মুখ প্রতীক-উর রহমান দল ছাড়ার চিঠি দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে তাঁর সতীর্থ সৃজন ভট্টাচার্যকে নিয়ে। আলিমুদ্দিনের অন্দরে কানাঘুষো—তবে কি প্রতীক-উরের পথেই হাঁটবেন সৃজন? এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন সৃজনের বাবা অরিন্দম ভট্টাচার্য।
অরিন্দম বাবু সাফ জানিয়ে দিয়েছেন, ছেলের ওপর তাঁর অগাধ বিশ্বাস রয়েছে। টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ও কোনও দক্ষিণপন্থী দলে যাবে না। কেন হঠাৎ এই প্রশ্ন উঠছে আমি বুঝতে পারছি না।” তিনি আরও জানান, সৃজন বর্তমানে সারা ভারত এসএফআই-এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং সেই আদর্শেই তিনি অবিচল থাকবেন। গত দু’দিন ছেলের সঙ্গে কথা না হলেও, তিনি মনে করেন প্রতীক-উরের সঙ্গে সৃজনের বন্ধুত্বের কারণেই এই জল্পনা ভাসিয়ে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে সিঙ্গুরের মতো কঠিন পিচে সৃজনকে লড়তে পাঠিয়েছিল সিপিএম। জয় না এলেও ছাত্র-যুবদের মধ্যে সৃজনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সম্প্রতি প্রতীক-উরের দলত্যাগ এবং তৃণমূল যোগের সম্ভাবনায় বাম শিবির যখন ব্যাকফুটে, তখন সৃজনের নীরবতা অনেক প্রশ্ন তুলেছিল। তবে সৃজন নিজে এই দলবদলের কথা হেসেই উড়িয়ে দিচ্ছেন। বাম ব্রিগেডের এই গুরুত্বপূর্ণ সেনাপতি শেষ পর্যন্ত লাল ঝাণ্ডা আঁকড়ে থাকেন নাকি প্রতীকের মতো তিনিও ‘সবুজ’ শিবিরে নাম লেখান, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।