শিক্ষক নাকি টুকলির সাপ্লায়ার? ড্রোনের চোখেই ফাঁস হলো পরীক্ষার হলের ‘গণটোকাটুকি’, তোলপাড় দেশ

শিক্ষক মানেই আদর্শের প্রতীক, কিন্তু মহারাষ্ট্রের বিড জেলায় যা ঘটল তাতে রীতিমতো লজ্জিত শিক্ষা সমাজ। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার প্রথম দিনেই ধরা পড়ল এক বেনজির ছবি। ড্রোনের মাধ্যমে নজরদারি চালাতে গিয়ে দেখা গেল, পরীক্ষার্থীদের নকল করতে বাধা দেওয়ার বদলে খোদ শিক্ষকেরাই তাঁদের হাতে ‘টুকলি’র কাগজ তুলে দিচ্ছেন। একটি বা দুটি নয়, ড্রোনের ফুটেজে ১৬টি আলাদা ঘরে একই দৃশ্য দেখা গিয়েছে।

এই নক্করজনক ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলাশাসক বিবেক জনসন তৎক্ষণাৎ কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। শিক্ষা দপ্তরের নির্দেশে লিম্বাগণেশের একটি স্কুলের ৫ জন শিক্ষককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এছাড়া মোট ১৭ জন শিক্ষকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। বাকি ১২ জন শিক্ষকের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ড্রোনের ফুটেজে দেখা গিয়েছে, শিক্ষকরা কার্যত ছাত্রদের নকল জোগানোর ‘ডিউটি’ পালন করছেন। এই ঘটনায় গোটা মহারাষ্ট্র জুড়ে ছিছিক্কার পড়ে গিয়েছে।