“বুদ্ধবাবুরা যাবে কবে?” জ্যোতি বসুর বিস্ফোরক গোপন কথা ফাঁস করলেন মমতা! তোলপাড় রাজ্য রাজনীতি

বিধানসভা নির্বাচনের পারদ চড়তেই এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সঞ্চালক সুমন দে-র মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, বাম জমানার শেষ লগ্নে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের বিদায় চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “জ্যোতিবাবু আমায় ডেকে বলতেন, এরা যাবে কবে!”
স্মৃতির অ্যালবামে জ্যোতি-মমতা রসায়ন: তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে বসে মমতা শোনালেন রাজনীতির ময়দানের এক অজানা সৌজন্যের লড়াইয়ের গল্প। মুখ্যমন্ত্রী জানান, এক সময় প্রবল রাজনৈতিক প্রতিপক্ষ থাকলেও শেষের দিকে জ্যোতি বসুর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত স্নেহপূর্ণ হয়ে উঠেছিল। মমতা বলেন, “উনি বলেছিলেন, ৮ তারিখে আমার জন্মদিন, যেখানেই থাকুন ওই দিনটা কিন্তু আপনি আসবেন।” এমনকি দক্ষিণ ভারত সফর কাটছাঁট করেও প্রবীণ নেতার সেই ডাকে সাড়া দিয়েছিলেন মমতা।
দলীয় কোন্দল ও শেষের দিনগুলি: তৃণমূল নেত্রীর দাবি, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় জ্যোতি বসুর সঙ্গে তাঁর গভীর রাজনৈতিক আলাপচারিতা হতো। তাঁর অভিযোগ, জ্যোতি বসু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাঁর দলের লোকরাই তাঁকে ব্রাত্য করে তুলেছিল। মমতা বলেন, “আমি দেখা করতে গেলে গৌতম দেব পাহারা দিয়ে বসে থাকতেন যাতে আমি কী বলছি না বলছি সব শুনতে পান।” এমনকি জ্যোতি বসুর স্ত্রী কমল দেবীর প্রয়াণের দিনও পাশে কেউ ছিল না বলে দাবি তাঁর। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি মানুষের এই শ্রদ্ধা এবং বাম জমানার অভ্যন্তরীণ ফাটল নিয়েই এবার বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী।