“আপনারা ৪২০ হলে আমি ৪৪০ ভোল্ট!” সিঙ্গুরের হুঙ্কার টেনে বিজেপিকে চরম হুঁশিয়ারি মমতার

ভোটার তালিকা সংশোধন এবং ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় ব্যাপক নাম বাদ দেওয়া নিয়ে এবার নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি সরাসরি কেন্দ্র ও কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা ৪২০ হলে আমি ৪৪০ ভোল্ট!” সিঙ্গুর আন্দোলনের উদাহরণ টেনে এনে তিনি মনে করিয়ে দেন যে, কৃষকদের জমি কেড়ে নেওয়ার ইতিহাস জনগণ ভোলেনি এবং গণতান্ত্রিক অধিকারে আঘাত করলে তার ফল ভালো হবে না।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে আসলে ‘গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত’ চলছে। তিনি একে ‘সুপার তুঘলকি রাজ’ বলে অভিহিত করেন। মমতার দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ১৪ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের আগেই পোর্টালে নথি আপলোড বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে কয়েক লক্ষ সাধারণ মানুষ তাঁদের ভোটাধিকার প্রমাণের সুযোগ পাননি। তাঁর স্পষ্ট বক্তব্য, তফশিলি, সংখ্যালঘু, আদিবাসী এবং মহিলাদের টার্গেট করে ভোটার তালিকা থেকে নাম ছেঁটে ফেলা হচ্ছে।

সিঙ্গুরের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “জোর করে জমি অধিগ্রহণের সেই লড়াই কৃষকরা আজও ভোলেনি। অনেক কীর্তি ও কেলেঙ্কারির নায়ক-নায়িকারা মনে রাখবেন, প্রতিশোধ জনগণের ওপর নেবেন না, যা করার আমার ওপর করুন।” তিনি আরও অভিযোগ করেন, বিহারে যে নথি গ্রাহ্য হচ্ছে, বাংলার ক্ষেত্রে কমিশন সেই একই নথি খারিজ করে দিচ্ছে। সরকারি কর্মচারীদের আশ্বস্ত করে তিনি জানান, কোনো কর্মীকে যদি অকারণে শাস্তির মুখে পড়তে হয়, তবে রাজ্য সরকার তাঁদের পাশে পাহাড়ের মতো দাঁড়াবে।