প্রকাশ্যেই বিতর্কের ঝড়! মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি ২’-এর ট্রেলার, এবার নিশানা কোন কোন রাজ্য?

প্রথম পর্বের তুমুল বিতর্কের রেশ কাটতে না কাটতেই মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি ২ – গোজ বিয়ন্ড’-এর ট্রেলার। মঙ্গলবার ট্রেলারটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চা ও বিতর্ক শুরু হয়েছে। প্রযোজক বিপুল অমৃতলাল শাহ এবং পরিচালক কামাক্ষ্যা নারায়ণ সিং-এর এই সিনেমাটি এবার কেবল কেরালা নয়, বরং রাজস্থান ও মধ্যপ্রদেশের মতো রাজ্যের প্রেক্ষাপটে ধর্মান্তর, ব্যক্তিগত স্বাধীনতা এবং বিশ্বাসের সংঘাতকে তুলে ধরেছে।
ট্রেলারের শুরুতেই রয়েছে একটি কড়া সতর্কবার্তা। এরপর রাজস্থানে এক নাবালিকার জোরপূর্বক ধর্মান্তর এবং মধ্যপ্রদেশে বিয়ের নামে প্রতারণার মতো চাঞ্চল্যকর দৃশ্য ফুটে উঠেছে। কেরালার অংশে দেখানো হয়েছে লিভ-ইন রিলেশনশিপ এবং ধর্মীয় পরিচয় নিয়ে জটিল টানাপড়েন। নির্মাতাদের দাবি, এই সিক্যুয়েলটি প্রথম পর্বের চেয়েও অনেক বেশি গুরুতর এবং সামাজিক বাস্তবতাকে আরও গভীরভাবে স্পর্শ করবে। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন উল্কা গুপ্তা, অদিতি ভাটিয়া এবং ঐশ্বর্যা ওঝা।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেলেও রাজনৈতিক মহলে চরম বিরোধিতার মুখে পড়েছিল। এবার ‘গোজ বিয়ন্ড’ সিনেমার ট্রেলার দেখে মনে করা হচ্ছে, ২০২৬-এর ২৭ ফেব্রুয়ারি মুক্তির আগেই এটি ফের সামাজিক ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। পারিবারিক যন্ত্রণা আর সম্পর্ক ভাঙার এই হাড়হিম করা ঝলক ইতিমধ্যেই নেটিজেনদের দুই শিবিরে ভাগ করে দিয়েছে।