আদানির ১০০ বিলিয়ন ডলারের মাস্টারপ্ল্যান! আম্বানী-মাস্ককে টেক্কা দিয়ে ভারতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম AI হাব

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবে ভারতকে বিশ্বের মানচিত্রে শীর্ষে নিয়ে যেতে অভাবনীয় বিনিয়োগের ঘোষণা করলেন গৌতম আদানি। ২০৩৫ সালের মধ্যে অত্যাধুনিক ‘হাইপারস্কেল এআই ডেটা সেন্টার’ এবং রিনিউয়েবল এনার্জি পরিকাঠামো গড়তে ১০০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮.৩ লক্ষ কোটি টাকা) বিনিয়োগ করতে চলেছে আদানি গ্রুপ। বিশেষজ্ঞদের মতে, এই বিনিয়োগ পরবর্তী এক দশকে ভারতের প্রযুক্তি ও বিদ্যুৎ পরিকাঠামোতে অতিরিক্ত ১৫০ বিলিয়ন ডলারের অনুঘটক হিসেবে কাজ করবে।
এই মেগা প্রোজেক্টের অধীনে বিশাখাপত্তনমে গুগলের সাথে যৌথ উদ্যোগে তৈরি হবে দেশের বৃহত্তম গিগাওয়াট-স্কেল এআই ডেটা সেন্টার। এছাড়া নয়ডা, হায়দরাবাদ ও পুনেতে মাইক্রোসফটের সাথে হাত মিলিয়ে বিশেষ ক্যাম্পাস তৈরি করবে আদানি গ্রুপ। পাশাপাশি ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের সাথেও ডেটা সেন্টার অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পথে হাঁটছেন গৌতম আদানি। তাঁর লক্ষ্য স্পষ্ট—ভারতকে কেবল এআই প্রযুক্তির উপভোক্তা নয়, বরং নির্মাতা ও রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা করা।
আদানি গ্রিন এনার্জির ৩০ গিগাওয়াট সম্পন্ন ‘খাভদা’ প্রকল্পের শক্তিকে কাজে লাগিয়ে এই ডেটা সেন্টারগুলি চালানো হবে, যা সেগুলিকে সম্পূর্ণ পরিবেশবান্ধব বা ‘গ্রিন ডেটা সেন্টার’-এ পরিণত করবে। গৌতম আদানি জানিয়েছেন, “যারা শক্তি এবং কম্পিউটের ভারসাম্য রক্ষা করতে পারবে, তারাই আগামী দশকের বিশ্বকে নেতৃত্ব দেবে। ভারত সেই নেতৃত্বের জন্য এখন পুরোপুরি প্রস্তুত।” এই প্রকল্পের মাধ্যমে ভারতের নিজস্ব ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ (LLM) এবং জাতীয় ডেটা প্রোজেক্টগুলি নিরবচ্ছিন্ন কম্পিউট ক্ষমতা পাবে, যা দেশের ডিজিটাল সার্বভৌমত্ব সুনিশ্চিত করবে।