গম্ভীরের জন্য রাজস্থান রয়্যালসের ‘চেকমেট’! জাতীয় কোচের পদ ছেড়ে কি তবে কোটি টাকার আইপিএল মালিকে গৌতি?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা যখন তুঙ্গে, ঠিক তখনই ভারতীয় ক্রিকেটে এক বিস্ফোরক খবর আছড়ে পড়ল। মাইক্রোসফট বা রয়্যালসের নতুন মালিকানা পরিবর্তনের আবহে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের কাছে রাজস্থান রয়্যালসের তরফে পৌঁছেছে এক অভূতপূর্ব প্রস্তাব। কেবল কোচ বা মেন্টর নয়, গম্ভীরের সামনে সরাসরি ফ্র্যাঞ্চাইজির অংশীদার বা মালিক হওয়ার লোভনীয় টোপ দিয়েছে রাজস্থান রয়্যালসের নতুন মালিকপক্ষ।

‘দৈনিক জাগরণ’-এর রিপোর্ট অনুযায়ী, আইপিএল ২০২৬-এর আগে রাজস্থান রয়্যালসের সিংহভাগ মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নয়া স্টেকহোল্ডাররা চাইছেন গম্ভীরের মতো জহুরিকে তাদের ডেরায় টানতে। প্রস্তাবে বলা হয়েছে, গম্ভীরকে ফ্র্যাঞ্চাইজির ২-৩ শতাংশ শেয়ার বা মালিকানা দেওয়া হবে। পাশাপাশি তিনি দলের সিইও (CEO) এবং মেন্টর—এই জোড়া গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাবেন। আইপিএলে কেকেআর-কে মেন্টর হিসেবে চ্যাম্পিয়ন করার পর গম্ভীরের দাপট এখন বিশ্বক্রিকেটে স্বীকৃত, আর সেই আকাশছোঁয়া জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে রয়্যালস ম্যানেজমেন্ট।

তবে এই লোভনীয় প্রস্তাবের পথে সবচেয়ে বড় বাধা বিসিসিআই-এর ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ বা স্বার্থের সংঘাতের নিয়ম। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, জাতীয় দলের কোচ পদে থাকাকালীন কেউ কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পারেন না। গম্ভীরের বর্তমান চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তাই এই প্রস্তাব গ্রহণ করতে হলে তাঁকে ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিতে হবে। আপাতত সূর্যের অধীনে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-এইটে পৌঁছে যাওয়ায় গম্ভীরের লক্ষ্য এখন শুধুই ট্রফি। তবে আইপিএল ২০২৬-এর আগে এই মেগা অফার ভারতীয় ক্রিকেট মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।