রাজপাল যাদবের পর এবার আমিশা প্যাটেল! চেক বাউন্স মামলায় কি শ্রীঘরে যাচ্ছেন ‘গদর’ নায়িকা?

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব চেক বাউন্স মামলায় বর্তমানে তিহার জেলে বন্দি। সেই রেশ কাটতে না কাটতেই এবার একই ধরনের আইনি জটিলতায় ফেঁসে গেলেন ‘গদর’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল। বারবার আদালতের নির্দেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে মোরাদাবাদের একটি আদালত। আইনি মহলের গুঞ্জন, সঠিক সময়ে পদক্ষেপ না নিলে রাজপালের মতোই পরিণতি হতে পারে আমিশার।
ঠিক কী ঘটেছিল?
বিতর্কের সূত্রপাত ২০১৭ সালে। মোরাদাবাদের এক ইভেন্ট সংস্থা ‘ড্রিম ভিশন’-এর কর্ণধার পবন কুমার বর্মা দাবি করেন, একটি হাই-প্রোফাইল বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে ১১ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, শেষ মুহূর্তে অভিনেত্রী ওই অনুষ্ঠানে যোগ দেননি, যার ফলে আয়োজকদের বিপুল আর্থিক ক্ষতি হয়। পরবর্তীতে অভিনেত্রী কিছু টাকা ফেরত দিলেও বাকি মেটানোর জন্য যে চেকটি দিয়েছিলেন, তা ব্যাংকে জমা দিতেই বাউন্স করে।
আদালতের কড়া অবস্থান
এরপরই শুরু হয় আইনি লড়াই। অভিযোগ উঠেছে, গত কয়েক বছর ধরে কখনও শুটিংয়ের ব্যস্ততা আবার কখনও আইনজীবীর অনুপস্থিতির অজুহাতে আদালতে হাজিরা দেননি আমিশা। এই দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ হয়ে বিচারক এবার কড়া পদক্ষেপ নিয়েছেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী শুনানির দিনেও অনুপস্থিত থাকলে পুলিশি ব্যবস্থার মাধ্যমে তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হতে পারে।
২৭ মার্চ পরবর্তী শুনানি
আদালতের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ মার্চ, ২০২৬। রাজপাল যাদবের জেল হওয়ার ঘটনায় এমনিতেই বলিউড ও তাঁর ভক্তরা উদ্বেগে রয়েছেন। এরই মাঝে আমিশা প্যাটেলের এই ঘটনা টিনসেল টাউনে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সবার নজর ২৭ মার্চের দিকে— আমিশা কি সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করবেন, নাকি আইনি জল আরও ঘনীভূত হবে?