শ্বশুর অঘোরে ঘুমাচ্ছিলেন পাশেই, চাল ভেদ করে ঢুকে শাশুড়ির সর্বনাশ করল জামাই! চাঞ্চল্য বর্ধমানে

পূর্ব বর্ধমানের মেমারিতে সামনে এল এক নজিরবিহীন ও লজ্জাজনক অপরাধের কাহিনী। মদ্যপ অবস্থায় শ্বশুরবাড়ির ঘরের চালের টালি সরিয়ে ভেতরে ঢুকে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। বর্ধমান জেলা আদালত ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

টালি সরিয়ে ঘরে প্রবেশ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মেমারি এলাকায় শ্বশুরবাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অভিযুক্ত ভাগনি জামাই। অভিযোগ, রাতে অনুষ্ঠানে বাড়ির সকলেই আকণ্ঠ মদ্যপান করেছিলেন। খাওয়া-দাওয়া শেষে জামাই প্রথমে নিজের বাড়ি চলে গেলেও ঘণ্টাখানেক পর ফের ফিরে আসেন। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ঘরের চালে উঠে টালি সরিয়ে নিঃশব্দে ভেতরে ঢোকেন তিনি। এরপরই ঘুমন্ত শাশুড়ির ওপর পাশবিক অত্যাচার চালান বলে অভিযোগ।

মদের ঘোরে বেহুঁশ ছিলেন শ্বশুর
ভয়াবহ বিষয় হলো, যে ঘরে এই ঘটনা ঘটে, সেখানে নির্যাতিতার স্বামীও অঘোরে ঘুমাচ্ছিলেন। মদ্যপ অবস্থায় থাকায় তিনি প্রথমে কিছুই টের পাননি। পরে শাশুড়ির চিৎকারে এবং স্বামীর ঘুম ভাঙলে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। পরিবারের সদস্যরা জামাইকে ধরে একটি ঘরে তালাবন্ধ করে রাখেন। কিন্তু অত্যন্ত চতুরতার সঙ্গে পরদিন ভোরে সেই একই কায়দায় টালি সরিয়ে ঘর থেকে পালিয়ে যান অভিযুক্ত।

থানায় অভিযোগ ও গ্রেফতারি
প্রাথমিকভাবে বিষয়টি মিটমাট করার চেষ্টা হলেও নির্যাতিতার স্বামী অনড় থাকায় অবশেষে রবিবার মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার পেছনে আর কোনো উদ্দেশ্য ছিল কি না।