সংসদে জুন মালিয়ার সঙ্গে ওটা কী করছিলেন সৌগত রায়? ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন বর্ষীয়ান সাংসদ!

সংসদের বাজেট অধিবেশন মানেই গুরুগম্ভীর আলোচনা, তথ্যের কচকচানি আর বিরোধী-পক্ষের বাকযুদ্ধ। কিন্তু সেই আবহেই হঠাৎ ক্যামেরাবন্দি হলো এক অন্যরকম মুহূর্ত। যেখানে দেখা গেল তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় এবং তারকা সাংসদ জুন মালিয়া একে অপরের সঙ্গে খোশগল্পে মত্ত। কখনও মুচকি হাসি, কখনও বা হালকা খুনসুটি— তাঁদের এই ‘অফ-বিট’ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল। তৈরি হয়েছে অজস্র মিম, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
ঠিক কী ঘটেছিল সংসদে?
ঘটনাটি যখন ঘটে, তখন সংসদে বক্তব্য রাখছিলেন আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্রশেখর আজাদ। ঠিক তাঁর পিছনের আসনেই বসেছিলেন তৃণমূলের এই দুই সাংসদ। ভিডিওতে দেখা যায়, আলোচনার মাঝেই গভীর গল্পে মজেছেন সৌগত ও জুন। তাঁদের শারীরিক ভাষা আর হাসাহাসি দেখে নেটিজেনদের মনে প্রশ্ন জাগে— ঠিক কী নিয়ে কথা বলছিলেন তাঁরা?
কী সাফাই দিলেন সৌগত রায়?
ভাইরাল ভিডিও নিয়ে জলঘোলা হতেই মুখ খুলেছেন সৌগত রায়। বর্ষীয়ান সাংসদের দাবি, সংসদে ৫৫০ জন সদস্য থাকেন। যখন কেউ ভাষণ দেন, তখন অন্তত ২০০ জন নিজেদের মধ্যে গল্প করেন। মন্ত্রীরাও গল্প করেন, এক দলের সাংসদ অন্য দলের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, “আমি তো নিজের দলের সহযোদ্ধা এক মহিলার সঙ্গে কথা বলছিলাম।” তবে কথা বলার বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হলে তিনি রহস্য বজায় রেখে বলেন, “কী বলছিলাম সেটা কি কেউ লোককে বলে? খারাপ কিছু বলছিলাম না বা কোনো অনুচিত কাজ করিনি। যতক্ষণ না চেঁচামেচি হচ্ছে, ততক্ষণ কোনো সমস্যা নেই।”
বিজেপির কটাক্ষ ও পাল্টা তোপ
এই ভিডিও প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কটাক্ষ, “গল্প করার জন্য তো ক্যান্টিন আছে! সংসদ এসব করার জায়গা নয়।” এই আক্রমণের জবাবে সৌগত রায় বলেন, “যিনি ভাষণ দিচ্ছিলেন, তাঁর বিষয়ে হয়তো আগ্রহ ছিল না, তাই কথা বলছিলাম। এসব গসিপ না করে নিজের কাজ করুন।” অন্যদিকে, জুন মালিয়া এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে রাজনৈতিক তরজা যাই হোক, সোশ্যাল মিডিয়ায় মিমারদের কাছে আপাতত ‘হট কেক’ সৌগত-জুনের এই মুহূর্ত।