হোলি থেকে ইদ— মার্চ জুড়েই উৎসবের মেজাজ! কোন কোন দিন ছুটি থাকছে রাজ্যের স্কুলে? দেখুন তালিকা

ফেব্রুয়ারি শেষ হতেই বঙ্গে বসন্তের ছোঁয়া। আর বসন্ত মানেই উৎসবের মরসুম। চলতি মাসে শিবরাত্রির কারণে অনেক স্কুলেই ছুটি ছিল। বিশেষ করে সোমবার তিথি থাকায় বহু পড়ুয়াই শিবের মাথায় জল ঢালতে গিয়ে স্কুলে অনুপস্থিত ছিল, যার জেরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধও রাখা হয়েছিল। তবে ফেব্রুয়ারি কাটতে না কাটতেই এবার মার্চের ছুটির লম্বা তালিকা সামনে এল। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, আগামী মাসে দোল-হোলি থেকে শুরু করে ইদ এবং রামনবমী— একাধিক কারণে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে।
মার্চের শুরুতেই রয়েছে বড় ছুটি। আগামী ৩ মার্চ (মঙ্গলবার) দোলযাত্রা এবং ৪ মার্চ (বুধবার) হোলি উপলক্ষে স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে মাসের প্রথম সপ্তাহেই টানা ছুটি উপভোগ করতে পারবে পড়ুয়ারা। তবে শুধু দোল নয়, গোটা মার্চ মাস জুড়েই রয়েছে একের পর এক উৎসব। ১৭ মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষেও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
উৎসবের এই তালিকা এখানেই শেষ নয়। মার্চের তৃতীয় সপ্তাহে মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব ইদ-উল-ফিতর। ২১ মার্চ (শনিবার) ইদের কারণে স্কুল ছুটি থাকবে। এর ঠিক কয়েকদিন পরেই রয়েছে রামনবমী। আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) রামনবমী উপলক্ষে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মাসের শেষ দিনেও মিলবে ছুটি। ৩১ মার্চ (মঙ্গলবার) মহাবীর জয়ন্তী উপলক্ষে স্কুলগুলোতে পঠনপাঠন বন্ধ থাকবে। সব মিলিয়ে দোল, ইদ ও রামনবমীর মতো উৎসবের জেরে মার্চ মাসে পড়াশোনার থেকে ছুটির মেজাজই বেশি থাকবে স্কুলগুলোতে। পর্ষদের এই মডেল ছুটির তালিকা সামনে আসতেই পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে পরিকল্পনা।