লাইনে দাঁড়ানোর দিন শেষ! মোবাইল থেকেই করুন ‘যুবসাথী’র আবেদন, ঘরে বসেই মিলবে বেকার ভাতা

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে এখন থেকে রাজ্যের যোগ্য বেকাররা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সবচেয়ে বড় খবর হলো, এই ভাতার জন্য আর সরকারি দপ্তরে ছোটাছুটি বা দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই; ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা ও সময়সীমা যাঁরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং যাঁদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস হতে হবে। ১ এপ্রিল ২০২৬ থেকে এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। আগামী ৫ বছর পর্যন্ত বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত এই ভাতা জারি থাকবে।
অনলাইনে আবেদনের সহজ পদ্ধতি (ধাপে ধাপে) ১. পোর্টাল ভিজিট: প্রথমেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট https://apas.wb.gov.in-এ যেতে হবে।
২. রেজিস্ট্রেশন: হোমপেজে ‘Apply Online’ অপশনে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিতে হবে। এরপর ফোনে আসা ওটিপি (OTP) দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করলেই মূল ফর্মটি স্ক্রিনে আসবে।
৩. তথ্য পূরণ: ফর্মে নিজের নাম, বাবার নাম, স্থায়ী ঠিকানা, আধার নম্বর এবং জন্মতারিখ নির্ভুলভাবে লিখতে হবে।
৪. শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং সার্টিফিকেটের তথ্য দিতে হবে। মনে রাখবেন, নথির স্ক্যান কপির সাইজ যেন ৩০০ কেবি-র (PDF) বেশি না হয়।
৫. ব্যাঙ্ক ডিটেইলস: আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, আইএফএসসি (IFSC) কোড ও ব্রাঞ্চের নাম অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে।
৬. পেশা নির্বাচন: বর্তমানে কোনো কাজ না করলে ‘Not Employed’ এবং টিউশন বা ছোট কাজ করলে ‘Self Employed’ অপশনটি বেছে নিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র (স্ক্যান কপি) * মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট।
আধার কার্ড ও ভোটার কার্ড।
ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতা।
পাসপোর্ট সাইজ ছবি (সর্বোচ্চ ৫০ কেবি) ও ডিজিটাল সিগনেচার।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি থেকেই প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পগুলি থেকেও ফর্ম জমা দিতে পারবেন।