ইউনূস যুগের অবসান, কাল বাংলাদেশে তারেক রহমানের রাজ্যাভিষেক! বিদায়বেলায় কী বললেন শান্তিদূত?

দেড় বছরের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে মঙ্গলবার এক নতুন অধ্যায়ে পা রাখছে বাংলাদেশ। দীর্ঘ ১৮ মাস পর দেশ পেতে চলেছে এক নির্বাচিত প্রধানমন্ত্রী। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া নিজের বিদায়ী ভাষণে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, তাঁর শাসনামলে বাংলাদেশ আজ্ঞাবহ পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করেছে। তবে তাঁর এই বিদায়লগ্নে ভারত-বাংলাদেশ সম্পর্কের চরম অবনতি এবং দেশে ক্রমবর্ধমান মেরুকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
বিএনপি-র বিশাল জয়, মঙ্গলবার শপথ
২০২৪ সালের অগস্টে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে ১৭ ফেব্রুয়ারি, ২০২৬। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে আবারও সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হবে।
বিদায়ী ভাষণে ইউনূসের প্রাপ্তি ও প্রত্যাশা
বিদায়ী ভাষণে ইউনূস জোর দিয়ে বলেন, বাংলাদেশ এখন নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় সক্ষম এবং কোনো বিদেশি শক্তির নির্দেশ বা পরামর্শের ওপর নির্ভরশীল নয়। তিনি বলেন, “আমাদের উন্মুক্ত সমুদ্র কেবল ভৌগোলিক সীমানা নয়, এটি বিশ্ব অর্থনীতির প্রবেশদ্বার।” নেপাল, ভুটান ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি তাঁর প্রশাসন প্রায় ১৩০টি নতুন আইন প্রণয়ন ও ৬০০টি নির্বাহী আদেশ জারি করেছে বলে তিনি জানান। বিদায়বেলায় তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও সাক্ষাৎ করেন।
ভারত-সম্পর্ক ও অভ্যন্তরীণ সংকট নিয়ে বিতর্ক
ইউনূস প্রশাসনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বিশেষ করে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের নজিরবিহীন অবনতি তাঁর মেয়াদের অন্যতম কালো দিক হিসেবে চিহ্নিত হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং উগ্রপন্থী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তৈরি হওয়া অস্থিতিশীলতা নিয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করলেও ইউনূস সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। বিদেশি বিশেষজ্ঞদের মতে, তাঁর আমলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে তৈরি হয়েছে বিশাল দূরত্ব। বিশ্লেষক নাসির উদ্দিনের মতে, ইউনূসের শাসনব্যবস্থা বাংলাদেশকে আরও বেশি মেরুকৃত এবং রাজনৈতিকভাবে ভঙ্গুর করে রেখে যাচ্ছে।