বিধানসভা ভোটের আগে ‘মাস্টারস্ট্রোক’? মাঝরাতে শাহ-শুভেন্দু রুদ্ধদ্বার বৈঠকে তোলপাড় বঙ্গ রাজনীতি!

২০২৬-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, বঙ্গ বিজেপির অন্দরে ততই তৎপরতা বাড়ছে। এই আবহেই সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে পৌঁছেই তিনি সরাসরি শাহের সঙ্গে দেখা করতে যান। প্রায় ৩০ মিনিট স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠকে কোন রণকৌশল নির্ধারিত হলো, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

যদিও বৈঠকের নির্যাস নিয়ে শুভেন্দু অধিকারী বা কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সরাসরি সংবাদমাধ্যমে কিছু জানানো হয়নি, তবে সূত্রের খবর, বাংলার আসন্ন ভোট এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন বা ‘SIR’ প্রক্রিয়া নিয়ে শাসকদলের বিরুদ্ধে শুভেন্দু যে দুর্নীতির অভিযোগ তুলেছেন, তা নিয়ে শাহকে বিস্তারিত জানিয়েছেন তিনি।

এই বৈঠকের সময়কালটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাত্র এক সপ্তাহ আগেই দিল্লির সুকান্ত মজুমদারের বাসভবনে বঙ্গ বিজেপির সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন সর্বভারতীয় সহ-পর্যবেক্ষক নিতিন নবীন। সেই রেশ কাটতে না কাটতেই অমিত শাহের সাথে শুভেন্দুর এই একান্ত বৈঠক কি কোনও বড় রদবদলের ইঙ্গিত? জল্পনা তৈরি হয়েছে রাজ্যসভার আসন্ন নির্বাচন নিয়েও। বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির একমাত্র প্রতিনিধি শমীক ভট্টাচার্য। তাঁর মেয়াদ ফুরিয়ে আসছে এবং বর্তমানে তিনি দলের রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে রয়েছেন। এই অবস্থায় শমীকবাবুকেই আবার পাঠানো হবে, নাকি রাজ্যসভায় নতুন কোনো মুখ দেখা যাবে—তা নিয়ে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আগামী বুধবার অমিত শাহের মায়াপুর সফরে যাওয়ার কথা রয়েছে। বিজেপি সূত্রের খবর ছিল, সেই সফরকালেই রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন শাহ। কিন্তু তার আগেই শুভেন্দুকে দিল্লিতে তলব করে বৈঠক সেরে নেওয়া অনেক সমীকরণ বদলে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শাহের বাংলা সফরের সময় হয়তো আর আলাদা করে বড় কোনো সাংগঠনিক বৈঠক হবে না, কারণ দিল্লির এই বৈঠকেই ভবিষ্যতের রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে।