সীমান্তের কাছে তুলকালাম! জেল ভেঙে পুলিশের ওপর গুলি চালিয়ে চম্পট ২ পাকিস্তানি নাগরিকের

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে জম্মু-কাশ্মীরের আরএস পুরা সেক্টরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একটি জুভেনাইল হোম (Juvenile Home) থেকে দুই পাকিস্তানি নাগরিকসহ মোট তিন জন বন্দি পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে গেছে। সোমবার বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিট নাগাদ ঘটা এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পলাতক বন্দিদের খোঁজে জম্মু পুলিশ ও নিরাপত্তা বাহিনী বড়সড় তল্লাশি অভিযান (Manhunt) শুরু করেছে।
আর্তর্কিত হামলা ও গুলিচালনা
সূত্রের খবর, আরএস পুরার ওই জুভেনাইল হোমের দরজা ভেঙে পালানোর চেষ্টা করে বন্দিরা। কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা সরাসরি পুলিশের ওপর চড়াও হয়। অভিযোগ উঠেছে, পালানোর সময় তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। এই সংঘর্ষে দুই পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে।
কারা এই পলাতক বন্দি?
পুলিশ জানিয়েছে, পলাতক তিনজনের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক। তাদের নাম মহম্মদ সুনা উল্লাহ এবং আহসান আনোয়ার। তারা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ বা নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেল খাটছিল। তৃতীয় জন হলো করজিৎ সিং ওরফে গুগ্গা, যে স্থানীয় আরএস পুরার ডাবলেহার এলাকার বাসিন্দা। তিনজনেই অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছে প্রশাসন।
সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট
যেহেতু আরএস পুরা এলাকাটি আন্তর্জাতিক সীমান্তের অত্যন্ত কাছে, তাই আশঙ্কা করা হচ্ছে যে পাকিস্তানি বন্দিরা সীমান্ত পেরিয়ে ওপারে পালানোর চেষ্টা করতে পারে। ড্রোনের মাধ্যমে নজরদারি এবং নাকা তল্লাশি জোরদার করা হয়েছে। বিএসএফ-কেও সতর্ক করা হয়েছে যাতে তারা অনুপ্রবেশ বা পালানোর যে কোনো চেষ্টা রুখে দেয়। এই ঘটনার পেছনে কোনো বড় জঙ্গি নেটওয়ার্কের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।