ভাইরাল অডিও ক্লিপে নারী হেনস্থার বিস্ফোরক অভিযোগ! তৃণমূল নেতাকে ‘জুতো-ঝাঁটা’ পেটা বিজেপির

পূর্ব মেদিনীপুরের মারিশদায় তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ওঠা নারী হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং অশালীন আচরণের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে পোস্ট করেন (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম), যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেই অডিওর সূত্র ধরেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার এই ঘটনার প্রতিবাদে মারিশদায় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষুব্ধ মহিলারা অভিযুক্ত তৃণমূল নেতার কুশপুত্তলিকা দাহ করেন এবং প্রতীকীভাবে ‘ঝাঁটা ও জুতো’ দিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভে নেতৃত্ব দেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী এবং বিধায়ক অরূপ কুমার দাস। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল জমানায় মা-বোনেদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। অডিও ক্লিপে নেতার যে কণ্ঠস্বর শোনা গিয়েছে, তা অত্যন্ত কুরুচিকর এবং সমাজবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ।
সাংসদ সৌমেন্দু অধিকারী সংবাদমাধ্যমকে জানান, “তৃণমূলের সংস্কৃতিই হলো মহিলাদের অসম্মান করা। বিকাশ চন্দ্র বেজ যে অপরাধ করেছেন, তার বিচার সাধারণ মানুষ করবে। পুলিশ প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে বৃহত্তর আন্দোলন হবে।” অন্যদিকে, বিধায়ক অরূপ কুমার দাস বলেন, “তৃণমূল নেতারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নারীদের পণ্য মনে করছেন।” এই ঘটনাকে কেন্দ্র করে মারিশদা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক মহলে এই ভাইরাল অডিও বিতর্ক এখন আলোচনার তুঙ্গে।