হুমায়ুন-কাঁটায় বিদ্ধ সিপিএম? প্রতীক-উরের ইস্তফায় তোলপাড় আলিমুদ্দিন! মুখ খুললেন মীনাক্ষী

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেল রাজ্য বাম শিবির। দল ছাড়লেন সিপিএমের অন্যতম পরিচিত তরুণ মুখ এবং গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী প্রতীক-উর রহমান। তাঁর এই আচমকা প্রস্থান নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই মুখ খুললেন সিপিএম-এর যুবনেত্রী তথা ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়।

মীনাক্ষীর প্রতিক্রিয়া: প্রতীক-উরের দলত্যাগ প্রসঙ্গে মীনাক্ষী বলেন, “আমি বিষয়টি ফেসবুকে দেখেছি। আমাদের পার্টির নেতৃত্বরা রয়েছেন, তাঁরাই এই বিষয়ে বিস্তারিত জানাবেন।” তবে দলে প্রতীক-উরের প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়ে তিনি কিছুটা আবেগপ্রবণভাবেই বলেন, “ও আমাদের পার্টির নেতা ছিল। গোটা রাজ্যে আমাদের কমরেডরা দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, প্রতীক-উরও লড়াই করেছে। পার্টির একজন কর্মীও যদি কাজ না করেন, তবে সেটা দলের ক্ষতি। আর আমাদের ক্ষতি মানে খেটে খাওয়া সাধারণ মানুষের ক্ষতি।” মীনাক্ষীর এই মন্তব্যে স্পষ্ট যে, ভোটের মুখে এই ভাঙন মেনে নেওয়া বামেদের পক্ষে কঠিন হচ্ছে।

নেপথ্যে কি হুমায়ুন কবীর? রাজনৈতিক মহলে গুঞ্জন, তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীরের নবগঠিত দলের সঙ্গে সিপিএম-এর জোটের আলোচনা পছন্দ হয়নি প্রতীক-উরের। সূত্রের খবর, মহম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক নিয়ে ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছিলেন তিনি। আপাতত প্রতীক-উরের পরবর্তী গন্তব্য তৃণমূল কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে মীনাক্ষী সরাসরি কোনও বিতর্কে না গিয়ে দায়ভার শীর্ষ নেতৃত্বের ওপরই ছেড়ে দিয়েছেন।