ভারতের মানচিত্র বিকৃতি! আন্তর্জাতিক মঞ্চে চরম ট্রোলের মুখে প্রিয়াঙ্কা চোপড়া, ছিঃ ছিঃ করছে নেটপাড়া

গ্লোবাল আইকন হিসেবে তিনি পরিচিত। বিদেশের মাটিতে বারবার দেশের নাম উজ্জ্বল করেছেন। কিন্তু সেই ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াই এবার পড়লেন এক চরম অস্বস্তিকর বিতর্কের মুখে। সৌজন্যে— ভারতের একটি ভুল মানচিত্র। সম্প্রতি একটি আন্তর্জাতিক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে তাঁর কেরিয়ার ও নতুন কাজ নিয়ে আলোচনা চললেও দর্শকদের নজর আটকে যায় প্রিয়াঙ্কার ঠিক পেছনের দেওয়ালে ঝোলানো ভারতের ম্যাপটিতে।
ঠিক কী ঘটেছে? ভাইরাল হওয়া ভিডিওর ওই অংশে দেখা যাচ্ছে, দেওয়ালে ঝোলানো ভারতের মানচিত্রে দেশের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। বিশেষ করে জম্মু ও কাশ্মীর অংশটি নিয়ে বড়সড় অসঙ্গতি ধরা পড়েছে নেটিজেনদের চোখে। ভারতের অখণ্ড মানচিত্রের এমন বিকৃতি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয়রা। প্রশ্ন উঠেছে, একজন আন্তর্জাতিক তারকা হয়েও এমন সংবেদনশীল বিষয়ে কীভাবে তিনি উদাসীন থাকলেন?
নেটপাড়ায় দুই শিবির: এই ঘটনা প্রকাশ্যে আসতেই ট্রোলের বন্যায় ভেসে গিয়েছেন প্রিয়াঙ্কা। কেউ লিখেছেন, “এত বছর বিদেশে থেকে কি দেশের ম্যাপ ভুলে গেলেন?” আবার কারোর মতে, “দেশের প্রতিনিধিত্ব করার সময় এমন ভুল ক্ষমার অযোগ্য।” তবে অনেকে প্রিয়াঙ্কার পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, ওই সেটের সাজসজ্জার দায়িত্ব প্রিয়াঙ্কার ছিল না, এটি নির্মাতাদের ভুল। তবে গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত নীরবই থেকেছেন অভিনেত্রী। এখন দেখার, তিনি এই বিষয়ে কোনও সাফাই দেন কি না।