ইডেনে সূর্য-ঝড়! সুপার-এইটে ভারতের দুই প্রতিপক্ষ চূড়ান্ত, তিলোত্তমায় মেগা ফাইট কবে?

অপেক্ষার অবসান ক্রিকেট প্রেমীদের! পাকিস্তানের বিরুদ্ধে রাজকীয় জয়ের পর বিশ্বকাপের সুপার-এইটে জায়গা নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। আর এই অগ্রগতির সঙ্গেই নিশ্চিত হয়ে গেল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে সূর্যকুমার যাদবদের হাইভোল্টেজ লড়াইয়ের দিনক্ষণ। গ্রুপ পর্বে কলকাতায় ভারতের কোনও ম্যাচ না থাকায় যে আক্ষেপ ছিল ভক্তদের মনে, তা মিটতে চলেছে আগামী ১ মার্চ।

সুপার-এইটে ভারতের গ্রুপ ও প্রতিপক্ষ আইসিসি-র প্রি-সিডিং অনুযায়ী, ভারত রয়েছে গ্রুপ ‘X’-এ। সোমবারের সমীকরণ শেষে নিশ্চিত হয়ে গিয়েছে যে সুপার-এইটে ভারতের অন্যতম দুই প্রতিপক্ষ হল ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। রবিবার ক্যারিবিয়ানরা প্রথম দল হিসেবে সুপার-এইট নিশ্চিত করেছিল। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং সোমবার আমিরশাহীর বিরুদ্ধে আফগানিস্তানের জয়ে প্রোটিয়াদের জায়গাও পাকা হয়ে যায়।

ইডেনের মেগা ফাইট ও পূর্ণাঙ্গ সূচি ভারতীয় দলের সুপার-এইট অভিযান শুরু হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ চেন্নাইয়ের চিপকে। তবে আকর্ষণের কেন্দ্রে ১ মার্চের ম্যাচটি, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের। তিলোত্তমার ক্রিকেট অনুরাগীদের জন্য বাড়তি পাওনা হিসেবে আগামী ৪ মার্চ ইডেনে একটি সেমিফাইনালও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চতুর্থ প্রতিপক্ষ কে? সিডিং অনুযায়ী ভারতের গ্রুপে চতুর্থ সদস্য হিসেবে অস্ট্রেলিয়ার থাকার কথা। তবে যদি অজিদের বদলে জিম্বাবোয়ে চমক দিয়ে যোগ্যতা অর্জন করে, তবে তারা ভারতের গ্রুপে জায়গা পাবে। অন্যদিকে গ্রুপ ‘Y’-তে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার থাকার কথা থাকলেও প্রি-সিডিং অনুযায়ী যোগ্যতার বিচারে রদবদল ঘটতে পারে।

আইসিসি-র নিয়ম অনুযায়ী, এই আটটি দল গ্রুপ পর্বে যে অবস্থানেই শেষ করুক না কেন, তাদের আগে থেকে নির্ধারিত প্রি-সিডিং মেনেই পরবর্তী রাউন্ডের বিন্যাস সাজানো হবে। ১ মার্চের রবিবাসরীয় ইডেন এখন শুধু নীল জার্সিধারীদের অপেক্ষায়।