নরবলি দিয়ে ধনসম্পদ লাভ? সুদীপ্ত সেনের ‘চড়ক’ কি উস্কে দেবে নতুন বিতর্ক!

ধর্মের নামে অন্ধবিশ্বাস, কুসংস্কার আর হাড়হিম করা নরবলির প্রেক্ষাপটে বড় পর্দায় আসছে নতুন হিন্দি ছবি ‘চড়ক’। ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত পরিচালক সুদীপ্ত সেনের প্রযোজনায় এবং টলিউডের জনপ্রিয় পরিচালক শিলাদিত্য মৌলিকের পরিচালনায় এই ছবি সমাজকে এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করাতে চলেছে। আগামী ৬ মার্চ, দোল উৎসবের আবহে দেশজুড়ে মুক্তি পেতে চলেছে এই বহুল চর্চিত সিনেমাটি।
গল্পের প্রেক্ষাপট ও হাড়হিম করা বাস্তব বাংলার প্রাচীন লোক-উৎসব ‘চড়ক’ এবং গাজনকে কেন্দ্র করেই দানা বেঁধেছে ছবির গল্প। চৈত্র সংক্রান্তির এই উৎসবে সন্ন্যাসীদের কৃচ্ছ্রসাধন, পিঠে বড়শি গেঁথে ঘোরা কিংবা জ্বলন্ত কয়লার ওপর হাঁটা—এই রীতিনীতিগুলো আজও অমলিন। কিন্তু এই উৎসবের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকটিকেই তুলে ধরেছেন নির্মাতারা। ছবির কাহিনী আবর্তিত হয়েছে সঞ্জয় হালদারের একটি গল্প অবলম্বনে। এক প্রত্যন্ত গ্রামে চড়কের প্রস্তুতির মাঝেই নিখোঁজ হয়ে যায় দুই শিশু। পরে তাদের নিথর দেহ উদ্ধার হলে জানা যায়, প্রচুর ধনসম্পদ লাভের লোভে একুশ শতকেও ‘নরবলি’র মতো নৃশংস প্রথাকে আঁকড়ে ধরে রেখেছে সমাজের কিছু অংশ।
সুদীপ্ত সেনের বার্তা ছবির প্রযোজক সুদীপ্ত সেন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, “চড়ক আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব। কিন্তু এই ছবির গল্পটা একটু অন্যরকম, যা বলা খুব জরুরি ছিল। এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলে ধর্মের নামে নরবলির মতো অন্ধবিশ্বাস টিকে আছে। ছবিটি আপনাদের ভাবতে এবং প্রশ্ন করতে বাধ্য করবে।” তাঁর মতে, এই ছবি কেবল একটি সিনেমা নয়, বরং কুসংস্কারের বিরুদ্ধে এক জোরালো কণ্ঠস্বর।
তারকাখচিত কাস্ট ‘চড়ক’ ছবিতে বলিউড ও টলিউডের একঝাঁক প্রতিভাবান শিল্পী কাজ করেছেন। অভিনয়ে রয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ খ্যাত শাহিদুর রহমান, ‘মির্জাপুর’ খ্যাত শশীভূষণ এবং ‘নিউটন’ খ্যাত অঞ্জলি পাতিল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুব্রত দত্ত, কৌশিক কর, প্রসূন গাইন এবং শ্রেয়া ভট্টাচার্যের মতো শিল্পীদের। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিকাশ জ্যোতি এবং কণ্ঠ দিয়েছেন শঙ্কর মহাদেবন ও কিঞ্জল চট্টোপাধ্যায়ের মতো প্রথিতযশা গায়করা।
একুশ শতকে দাঁড়িয়েও কি মানুষের নজর-দোষ বা বলিপ্রথার মতো ভ্রান্ত ধারণা ঘুচেছে? ধর্ম বড় না জীবন? এই সব কঠিন তর্কের অবতারণা নিয়ে আগামী ৬ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ‘চড়ক’।