হেরে গেলেই বিদায়! মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার সামনে অস্ট্রেলিয়া, দলে ফিরলেন ‘রান মেশিন’ স্মিথ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ২০২১-এর চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে জয় পেলেও জিম্বাবোয়ের কাছে অপ্রত্যাশিত হারে ঘোর সংকটে মিচেল মার্শ বাহিনী। এই ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যেই অস্ট্রেলিয়ার অস্ত্রাগারে যুক্ত হলেন অভিজ্ঞ স্টিভ স্মিথ। সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগেই আইসিসি-র ইভেন্ট টেকনিক্যাল কমিটির সবুজ সংকেত নিয়ে স্মিথকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করল অজি ম্যানেজমেন্ট।

কেন এই আকস্মিক অন্তর্ভুক্তি? পেসার জোশ হ্যাজেলউড চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকে কোনও পরিবর্ত ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। অন্যদিকে অধিনায়ক মিচেল মার্শ এবং অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে নিয়েও উদ্বেগের মেঘ ছিল অজি শিবিরে। যদিও খবর মিলছে মার্শ ও স্টোইনিস দুজনেই ফিট, তবে ঝুঁকি নিতে নারাজ থিঙ্কট্যাঙ্ক। ব্যাক-আপ হিসেবে শ্রীলঙ্কায় উড়িয়ে আনা স্মিথকে তাই তড়িঘড়ি হ্যজেলউডের পরিবর্তে স্কোয়াডে জায়গা দেওয়া হল।

বিধ্বংসী ফর্মে স্মিথ: টেস্ট ব্যাটার হিসেবে তকমা থাকলেও ইদানীং কুড়ি-বিশের ক্রিকেটে ভোল বদলেছেন স্মিথ। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে ১৬৮ স্ট্রাইক রেটে রান তুলেছেন তিনি। ৬ ইনিংসে করেছেন ২৯৯ রান, যার মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। এমনকি পাকিস্তান সুপার লিগেও (PSL) তিনি ছিলেন অন্যতম দামি ক্রিকেটার। ২০২৮ অলিম্পিকের কথা মাথায় রেখে স্মিথকে এই ফরম্যাটে আরও বেশি করে ব্যবহার করতে চাইছে সিএ (CA)।

সোমবার ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেলে বিশ্বকাপের রাস্তা কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার জন্য। এমন চাপের মুখে স্মিথের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্মই হতে পারে অজিদের তুরুপের তাস। রবিবার নেটে চুটিয়ে অনুশীলন করেছেন এই তারকা ব্যাটার। এখন দেখার, আজ লঙ্কান স্পিনারদের বিরুদ্ধে স্মিথকে প্রথম একাদশে রাখা হয় কি না।