রাজস্থানে হাড়হিম করা দুর্ঘটনা! বন্ধ কারখানায় পরপর বিস্ফোরণ, জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ৭ জন

সোমবার সকালে রাজস্থানের আলওয়ার জেলার খুসখেদা শিল্প তালুকে এক প্রলয়ঙ্কারী অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল এলাকা। একটি কার্ডবোর্ড কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং তার জেরে ছড়িয়ে পড়া আগুনে অন্তত সাতজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার তীব্রতায় গোটা শিল্প তালুক জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে আশেপাশের সমস্ত কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা:
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ১০টা নাগাদ জি-১, ১১৮ নম্বর প্লটের ওই কারখানাটি থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে পর পর তিন-চারটি বিকট বিস্ফোরণ ঘটে, যার তীব্রতায় আশেপাশের বাড়িঘরও কেঁপে ওঠে। প্রচুর পরিমাণে কার্ডবোর্ড মজুত থাকায় আগুন দ্রুত গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। দমকলের ইনচার্জ রাজু খান জানান, আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ৬টি ইঞ্জিন পাঠিয়েও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় কর্মীদের। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কারখানার ভেতরে থাকা সাতজন কর্মী আগুনে ঝলসে প্রাণ হারান।
বন্ধ কারখানায় মৃত্যুর রহস্য:
প্রাথমিকভাবে প্রশাসনের কাছে খবর ছিল যে কারখানাটি গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। কিন্তু আগুন নেভার পর ভেতর থেকে সাতটি দগ্ধ দেহ উদ্ধার হওয়ায় দানা বেঁধেছে রহস্য। যদি কারখানা বন্ধই থাকে, তবে ওই সাতজন ভেতরে কী করছিলেন? দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড। তবে শর্ট সার্কিট নাকি অন্য কোনো সন্দেহজনক কার্যকলাপের কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখছে ভিওয়াড়ি পুলিশ। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থানীয় শিল্প ইউনিটগুলোকে অগ্নি-নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।