ফের ছোটপর্দায় দীপান্বিতা রক্ষিত! ত্রিকোণ প্রেমের টানাপোড়েন নিয়ে আসছে নতুন মেগা ‘শুধু তোমারই জন্য’

বাংলা সিরিয়ালের চেনা ছক ভাঙতে আসছে নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’। যেখানে নেই কোনো কূটকচালি বা নেতিবাচক চরিত্র, বরং আছে প্রেমের তিন ভিন্ন সংজ্ঞা। দীর্ঘ বিরতির পর এই ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় কামব্যাক করছেন দর্শকদের প্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। এবার তাঁর বিপরীতে জুটি বাঁধছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা।

গল্পের প্রেক্ষাপট ও চরিত্রের রসায়ন:
এই কাহিনি মূলত রাহি, রাহুল এবং তিতলির। রাহুল (শুভ্রজিৎ সাহা) মনেপ্রাণে ভালোবাসে তিতলিকে (মন্দিরা দেবনাথ)। কিন্তু তিতলি অত্যন্ত উচ্চাভিলাষী এবং ধনী। তাঁর সাফ শর্ত— যে তাকে আমেরিকা নিয়ে গিয়ে রাখতে পারবে, তাকেই সে বিয়ে করবে। তিতলির প্রেমে পাগল রাহুল প্রথমে হোঁচট খেলেও পরে রাজি হয়। অন্যদিকে, রাহুলের বাবার পছন্দ রাহিকে (দীপান্বিতা রক্ষিত)। রাহি ভীষণই পরিণত, মার্জিত এবং দেশপ্রেমী। সে বিশ্বাস করে প্রেম মানে নিঃস্বার্থ আত্মত্যাগ।

ভিলেন ছাড়াই জমবে লড়াই:
প্রযোজনা সংস্থা SVF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধারাবাহিকের সবচেয়ে বড় চমক হলো এখানে কোনো নেতিবাচক চরিত্র বা ‘ভিলেন’ নেই। শুধুমাত্র তিনজনের পৃথক দৃষ্টিভঙ্গি এবং জীবনের লক্ষ্যের সংঘাতই গল্পের মূল চালিকাশক্তি। ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে। ‘পটলকুমার গানওয়ালা’, ‘বোঝে না সে বোঝে না’ বা ‘অনুরাগের ছোঁয়া’-র মতো ব্লকবাস্টার উপহার দেওয়া প্রযোজনা সংস্থা এবার এই নতুন জুটিকে নিয়ে কতটা সফল হয়, সেটাই এখন দেখার।