JEE Main 2026: বড় খবর! বাদ পড়ল ৯টি প্রশ্ন, আজই ফলপ্রকাশ; আপনার নম্বর বাড়ছে কি?

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দেশের কয়েক লক্ষ ইঞ্জিনিয়ারিং প্রত্যাশীদের। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সোমবার জেইই মেইন ২০২৬ (JEE Main 2026)-এর জানুয়ারি সেশনের চূড়ান্ত উত্তরপত্র (Final Answer Key) প্রকাশ করেছে। এর সঙ্গেই স্পষ্ট হয়ে গিয়েছে যে আজই প্রকাশিত হতে চলেছে বিই (B.E.) এবং বি.টেক (B.Tech) পরীক্ষার ফলাফল।
এবারের উত্তরপত্রে বড়সড় চমক দিয়েছে এনটিএ। চূড়ান্ত মূল্যায়নের সময় মোট ৯টি প্রশ্নকে সম্পূর্ণ বাতিল বা ড্রপ করা হয়েছে। এর মধ্যে পদার্থবিদ্যা (Physics) থেকে ৭টি এবং গণিত (Mathematics) থেকে ২টি প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। রসায়নে কোনও প্রশ্ন বাদ না পড়লেও, বেশ কিছু প্রশ্নের একাধিক উত্তরকে সঠিক বলে ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে বহু পরীক্ষার্থীর স্কোরে উল্লেখযোগ্য প্রভাব পড়বে।
শিক্ষা বিশেষজ্ঞ দেব শর্মার মতে, গত বছরের তুলনায় এবার ভুলের মাত্রা কিছুটা বেশি। ২০২৫ সালের প্রথম সেশনে মাত্র ৬টি প্রশ্ন বাদ গিয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ—এই তিনটি বিষয়ের প্রতিটিতে একটি করে প্রশ্নের একাধিক অপশন সঠিক হিসেবে ধরা হয়েছে।
কোন কোন প্রশ্ন বাদ গেল?
২২ জানুয়ারি: প্রথম শিফটে পদার্থবিদ্যার ১৬ নম্বর প্রশ্ন এবং দ্বিতীয় শিফটে পদার্থবিদ্যার ১০ ও ১৭ নম্বর প্রশ্ন বাদ গেছে। দ্বিতীয় শিফটে গণিতের ২০ নম্বর প্রশ্নটিও ড্রপ করা হয়েছে।
২৩ জানুয়ারি: প্রথম শিফটে পদার্থবিদ্যার ২০ নম্বর এবং দ্বিতীয় শিফটে ১ ও ৪ নম্বর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে।
২৪ জানুয়ারি: দ্বিতীয় শিফটে পদার্থবিদ্যার ২২ নম্বর প্রশ্নটি বাদ পড়েছে।
২৮ জানুয়ারি: গণিতের ২৩ নম্বর প্রশ্নটি বাতিল ঘোষণা করা হয়েছে।
একাধিক সঠিক উত্তরের সুবিধা:
২৩ জানুয়ারি দ্বিতীয় শিফটে ফিজিক্সের ১৮ নম্বর প্রশ্নের ৩টি অপশনকেই সঠিক ধরা হয়েছে। ২৪ জানুয়ারি প্রথম শিফটে রসায়নের ১০ নম্বর প্রশ্নের ক্ষেত্রে ২টি বিকল্প এবং দ্বিতীয় শিফটে গণিতের ১৪ নম্বর প্রশ্নের ৪টি বিকল্পই সঠিক হিসেবে গণ্য করা হয়েছে। অর্থাৎ যারা এই প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করেছেন, তারা পূর্ণ নম্বর পেতে পারেন।
উল্লেখ্য, এবারের জানুয়ারি সেশনে ১৩.৫ লক্ষেরও বেশি পড়ুয়া নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে ১৩,০০,৩৬৮ জন পরীক্ষায় বসেছিলেন। উপস্থিতির হার ছিল ৯৬.২৫ শতাংশ। ১২ ফেব্রুয়ারি ফল প্রকাশের কথা থাকলেও এনটিএ অতিরিক্ত সময় চাওয়ায় আজ ১৬ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল ও স্কোরকার্ড প্রকাশিত হতে চলেছে।