গ্রাহকদের ৩.৫ কোটির সোনা নিয়ে জুয়া খেললেন ব্যাঙ্ককর্মী! তার পর…যা ঘটলো?

ব্যাঙ্কের লকার মানেই নিরাপত্তার শেষ কথা— এই বিশ্বাসে বড়সড় ধাক্কা দিল এক বেসরকারি ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারের কীর্তি। গ্রাহকদের গচ্ছিত রাখা প্রায় ৩.৫ কোটি টাকা মূল্যের সোনার অলঙ্কার অনুমতি ছাড়াই সরিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যাঙ্ক আধিকারিককে। পুলিশ জানিয়েছে, আত্মসাৎ করা সোনা দিয়ে তিনি হয় অনলাইন জুয়া খেলেছেন, না হয় ফিন্যান্স কোম্পানিতে বন্ধক রেখে টাকা তুলেছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসে গত ৫ ফেব্রুয়ারি, যখন ব্যাঙ্কের চিফ ম্যানেজার অডিট বা রেকর্ড পরীক্ষা করতে গিয়ে গচ্ছিত সোনার হিসেবে বড়সড় গরমিল দেখতে পান। তৎক্ষণাৎ তিনি গিরিনগর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত ডেপুটি ম্যানেজার দীর্ঘদিন ধরে অতি সন্তর্পণে ২,৭৮০ গ্রাম সোনা ব্যাঙ্ক থেকে সরিয়ে ফেলেছিলেন।
ডেপুটি কমিশনার অফ পুলিশ লোকেশ বি জগালাসার জানিয়েছেন, অভিযুক্তের থেকে এখনও পর্যন্ত প্রায় ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি গয়না উদ্ধারের জন্য তল্লাশি চালানো হচ্ছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই ব্যাঙ্কের লকার গ্রাহকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দাবি, তাঁদের কষ্টের সঞ্চয় যদি ব্যাঙ্ক ফেরত না দেয়, তবে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। ব্যাঙ্কের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।