৭,০০০ টাকা কমল রুপো, সোনার দামেও বিরাট পতন, জেনেনিন আজ কত রেট?

সপ্তাহের শুরুতেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে হু হু করে কমল সোনা ও রুপোর দাম। সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) খোলার সঙ্গে সঙ্গেই দুই মূল্যবান ধাতুর দরে বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে রুপোর দাম এক ধাক্কায় প্রতি কেজিতে ৮ হাজার টাকারও বেশি কমে গিয়েছে। অন্যদিকে, সোনার দামও প্রতি ১০ গ্রামে ১৭০০ টাকার বেশি সস্তা হয়েছে। গত ২৯ জানুয়ারি রুপো যখন ৪ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়েছিল, সেই সর্বোচ্চ শিখর থেকে হিসেব করলে বর্তমানে প্রতি কেজি রুপো প্রায় ১ লক্ষ ৮৪ হাজার টাকা সস্তা হয়েছে।

কলকাতায় সোনার আজকের দর (১৬ ফেব্রুয়ারি): কলকাতায় আজ সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে:

  • ২৪ ক্যারেট (১০ গ্রাম): ১ লক্ষ ৫৬ হাজার ৪৪০ টাকা (রবিবারের তুলনায় ১৩১০ টাকা কম)।

  • ২২ ক্যারেট (১০ গ্রাম): ১ লক্ষ ৪৩ হাজার ৪০০ টাকা (রবিবারের তুলনায় ১২০০ টাকা কম)।

  • ১৮ ক্যারেট (১০ গ্রাম): ১ লক্ষ ১৭ হাজার ৩৩০ টাকা (রবিবারের তুলনায় ৯৮০ টাকা কম)।

কলকাতায় রুপোর আজকের দর: কলকাতায় আজ ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৮ হাজার টাকা, যা গতকালের তুলনায় ৭ হাজার টাকা কম। ভ্যালেন্টাইন সপ্তাহের শুরুতে যা ছিল ২ লক্ষ ৮৫ হাজার টাকা। গত কয়েকদিনে রুপোর দামে ব্যাপক অস্থিরতা দেখা গিয়েছে। ৪ লক্ষ ২০ হাজার ৪৮ টাকার সর্বকালের রেকর্ড স্তর থেকে বর্তমানে রুপো ১ লক্ষ ৪৮ হাজার ৫৪৫ টাকা নিচে ট্রেড করছে। একইভাবে সোনার দামও ১ লক্ষ ৯৩ হাজার ৯৬ টাকার সর্বোচ্চ স্তর থেকে প্রায় ৩৮ হাজার ৯০৫ টাকা কমেছে। বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবেই এই পতন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।