নির্বাচন কমিশনের কড়া দাওয়াই! এসআইআর-এর কাজে গাফিলতি, সাসপেন্ড বাংলার ৭ শীর্ষ আধিকারিক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যে জলঘোলা অব্যাহত। রবিবার গভীর রাতে এক নজিরবিহীন সিদ্ধান্তে বাংলার আরও ৭ জন আধিকারিককে (Assistant Electoral Registration Officers) সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ— ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে গাফিলতি এবং গুরুতর অসদাচরণ।

সাসপেন্ড হওয়া আধিকারিকদের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের তিন জন (সামশেরগঞ্জ, ফারাক্কা ও সুতি), দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের দু’জন, জলপাইগুড়ির ময়নাগুড়ির এক জন এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বিডিও। কমিশনের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল কাজে এই আধিকারিকরা নিয়ম মেনে চলেননি। এর আগে আরও ৪ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গড়িমসি করার অভিযোগে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করেছিল কমিশন। এবার সেই জট কাটার আগেই আরও ৭ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ নবান্নের ওপর চাপ কয়েক গুণ বাড়িয়ে দিল।