Recipe: পুষ্টি আর স্বাদের পারফেক্ট কম্বো! গরম ভাতে তিল দিয়ে লাউ শাক—এক থালা ভাত নিমেষেই শেষ

প্রয়োজনীয় উপকরণ:
লাউ শাক: ৫টি আঁটি (কচি ডগা সহ)

সবজি: আলু ২ টি (মাঝারি), শিম ৭-৮টি, কাঁচা টমেটো ২ টি

সাদা তিল: ২ টেবিল চামচ

কাঁচালঙ্কা: ৮-১০টি (ঝাল অনুযায়ী)

ফোড়ন: কালোজিরে ১ চা চামচ ও শুকনো লঙ্কা ২ টি

অন্যান্য: সর্ষের তেল, বড়ি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন।

প্রস্তুত প্রণালী:
তিল বাটা প্রস্তুতি: প্রথমে সাদা তিল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার কাঁচালঙ্কা সহ তিলটি মিহি করে বেটে নিন। বাটার সময় খুব সামান্য জল ব্যবহার করবেন যাতে মিশ্রণটি ঘন থাকে।

শাক ও সবজি কাটা: লাউ শাক ভালো করে ধুয়ে ছোট করে কুচিয়ে নিন। শাকের কচি ডগা ও সবজিগুলোও ছোট টুকরো করে কেটে নিন।

বড়ি ভাজা: কড়াইতে সর্ষের তেল গরম করে বড়িগুলো লালচে করে ভেজে তুলে রাখুন।

ফোড়ন ও কষানো: ওই তেলেই শুকনো লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিন। এবার কেটে রাখা সবজি ও লাউ শাক দিয়ে দিন। এতে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন।

সেদ্ধ করা: আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে যে জল বেরোবে, তাতেই সবজি ও ডগা সেদ্ধ হয়ে যাবে। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন।

তিল বাটা মেশানো: শাক সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে এতে বেটে রাখা তিল ও কাঁচালঙ্কার মিশ্রণটি দিয়ে দিন। বড়িগুলো হালকা ভেঙে মিশিয়ে দিন।

ফিনিশিং টাচ: সবটা মাখোমাখো হয়ে এলে নামানোর আগে এক চা চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিন। তৈরি আপনার সুস্বাদু তিল-লাউ শাক!

টিপস: তিল বাটা দেওয়ার পর খুব বেশি সময় আঁচের ওপর রাখবেন না, এতে তিলের সুন্দর গন্ধটা বজায় থাকে।