CPIM-এর রাজ্য কমিটি থেকে ইস্তফা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত প্রতীক উরের?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই বড়সড় ধাক্কা খেল সিপিএম (CPIM)। দলের রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন বামেদের অন্যতম পরিচিত তরুণ মুখ প্রতীক উর রহমান। শুধু রাজ্য কমিটি নয়, একইসঙ্গে জেলা কমিটি এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি চেয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি পাঠিয়েছেন তিনি। ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রাক্তন এই প্রার্থীর আচমকা দলত্যাগের সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে আলিমুদ্দিন স্ট্রিটে।

সূত্রের খবর, নিজের ইস্তফাপত্রে প্রতীক উর স্পষ্ট জানিয়েছেন যে, সাম্প্রতিক সময়ে দলের জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু চিন্তাভাবনা এবং কর্মপদ্ধতির সঙ্গে তিনি একমত হতে পারছেন না। এই মতপার্থক্যের কারণে দীর্ঘ দিন ধরে তিনি মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত নিজেকে খাপ খাইয়ে নিতে না পেরেই তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, একুশের বিধানসভা এবং চব্বিশের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াকু প্রার্থী হিসেবে নজর কেড়েছিলেন প্রতীক।

তবে প্রতীকের এই ইস্তফা হঠাত করে নয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিছুদিন আগেই দলেরই এক প্রভাবশালী তরুণ নেতার সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে এসেছিল। সেই সময় কারোর নাম না করে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন প্রতীক। সেখানে তিনি লিখেছিলেন, ‘নীতি-নৈতিকতা ছাড়া, আর যাই হোক, কমিউনিস্ট পার্টি হয় না।’ তাঁর সেই পোস্টেই পরিষ্কার ছিল যে, দলের অভ্যন্তরে সব কিছু ঠিকঠাক চলছে না। নির্বাচনের মুখে প্রতীকের মতো একজন লড়াকু ও জনভিত্তি সম্পন্ন নেতার বিদায় বামেদের সংখ্যালঘু ভোটব্যাঙ্কেও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব বা প্রতীক নিজে সংবাদমাধ্যমে মুখ খোলেননি।