“ই-মেল করলেই হতো…”-পাকিস্তানকে এবার ট্রোল করলো Google-ও

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণের আগে তর্জন-গর্জনের খামতি ছিল না পাকিস্তান শিবিরে। ম্যাচ বয়কটের হুমকি থেকে শুরু করে ভারতকে হারানোর হুঙ্কার— সবটাই যেন রবিবাসরীয় রাতে মাঠে মিইয়ে গেল। ভারতের বোলিং দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাক ব্যাটিং লাইনআপ। ফলাফল যা হওয়ার তাই হলো; টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ বারের সাক্ষাতে ৮ বারই পাকিস্তানের হার। স্কোরলাইন এখন ভারতের পক্ষে ৮-১। ভারতের এই বিধ্বংসী জয়ের পর পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ নিয়ে যখন নেটপাড়া উত্তাল, ঠিক তখনই আসরে নামল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল (Google)।

গুগল ইন্ডিয়ার একটি মাত্র পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ঈশান কিষানের দুরন্ত ৭৭ রানের ওপর ভর করে ভারত যখন ১৭৫ রান তোলে, তখন মনে হয়েছিল লড়াই হবে। কিন্তু বুমরা-অক্ষরদের স্পেলে ১৮ ওভারেই ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এই একপেশে ম্যাচের পর গুগল ইন্ডিয়া তাদের এক্স (X) হ্যান্ডলে মাত্র ছয় শব্দের একটি পোস্ট করে লেখে— “This match could have been an email” (এই ম্যাচটা আসলে একটা ই-মেল হতে পারত)। অর্থাৎ, গুগল বোঝাতে চেয়েছে যে ম্যাচের ফলাফল যখন এতই অনুমেয় এবং একপেশে, তখন মাঠ নামার বদলে একটা ই-মেল করে ফলাফল জানিয়ে দিলেই হতো! কয়েক ঘণ্টার পণ্ডশ্রমের কোনো প্রয়োজন ছিল না।

গুগলের এই খোঁচা পাক ক্রিকেট ভক্তদের ক্ষততে নুনের ছিটে দিয়েছে। অন্যদিকে, ম্যাচ শেষে পাকিস্তানের সঙ্গে ভারতের তথাকথিত ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে প্রশ্ন করা হলে তা কার্যত উড়িয়ে দেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অত্যন্ত তাচ্ছিল্যের সুরে তিনি জানান, তাঁরা পাকিস্তানকে আর পাঁচটা সাধারণ দলের মতোই দেখেন। অক্ষরের কথায়, “আমরা ওদের স্রেফ একটা দল হিসেবেই দেখছি, প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলাদা করে ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের ক্রিকেটে ফোকাস করা।” অর্থাৎ, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কথার লড়াইয়েও এখন পাকিস্তানের ধরাশায়ী অবস্থা।