দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার খরচ দেবে সরকার! চালু হলো ‘PM RAHAT’ প্রকল্প, দেড় লক্ষ টাকা পর্যন্ত সুবিধা

সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাণ বাঁচাতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র সরকার। চালু করা হলো নতুন প্রকল্প ‘PM RAHAT’ (Road Accident Victim Hospitalization and Assured Treatment)। এখন থেকে পথ দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার খরচের জন্য আর চিন্তায় পড়তে হবে না রোগী বা তাঁর পরিবারকে। দুর্ঘটনার প্রথম দিন থেকে টানা ৭ দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের অধীনে।
বিশেষজ্ঞদের মতে, দুর্ঘটনার প্রথম এক ঘণ্টা বা ‘গোল্ডেন আওয়ার’-এ চিকিৎসা শুরু হলে বহু প্রাণ বাঁচানো সম্ভব। কিন্তু অনেক সময় অর্থের অভাবে হাসপাতালে ভর্তি হতে দেরি হয়ে যায়। এই সমস্যা মেটাতেই সরকার সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে। দুর্ঘটনার শিকার ব্যক্তি, পথচারী বা প্রত্যক্ষদর্শী যে কেউ ১১২ নম্বরে ফোন করলেই মিলবে দ্রুত অ্যাম্বুল্যান্স ও নিকটবর্তী হাসপাতালে ভর্তির সুবিধা। পুলিশ, হাসপাতাল এবং বিমা সংস্থা—সবই থাকবে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে।
পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে eDAR এবং TMS 2.0 নামক দুটি সরকারি ডিজিটাল ব্যবস্থার সাহায্য নেওয়া হবে। যদি দুর্ঘটনার শিকার হওয়া গাড়ির বিমা থাকে, তবে বিমা সংস্থা খরচ দেবে। আর বিমাহীন ক্ষেত্রে কেন্দ্র সরকার সরাসরি মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ফান্ড থেকে অর্থ প্রদান করবে। দাবি মঞ্জুর হওয়ার ১০ দিনের মধ্যে হাসপাতালকে টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রকল্পের ফলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই কমবে বলে আশা করছে কেন্দ্র।