টিভি ভাঙলেন পাক সমর্থক! কলম্বোয় ভারতের হাতে চরম অপমানের পর জ্বলছে পাকিস্তান, তোপ আফ্রিদি-আখতারের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিল ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সূর্যকুমার যাদবের ‘মেন ইন ব্লু’ ৬১ রানে জয়লাভ করে প্রমাণ করে দিল যে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান এখন আকাশছোঁয়া। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস মাত্র ১১৪ রানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ঈশান কিষাণের ঝোড়ো হাফ-সেঞ্চুরি এবং ভারতীয় বোলারদের বিষাক্ত স্পেলে দিশেহারা বাবর আজমের দল এখন খাদের কিনারায়।
ম্যাচ শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক পাকিস্তানি সমর্থকের ভিডিও, যেখানে হারের জ্বালায় নিজের টেলিভিশন সেটটি ভেঙে গুঁড়িয়ে দিতে দেখা যাচ্ছে তাঁকে। ভারতের কাছে ৮-১ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর পাকিস্তানের ক্রিকেট মহলে এখন কান পাতলেই কান্নার রোল আর ক্ষোভের বহিঃপ্রকাশ শোনা যাচ্ছে। ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল তো ম্যাচের পর সরাসরি বলেই দিয়েছেন, “আমি আর পাকিস্তানকে আমাদের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না।”
দলের এই শোচনীয় অবস্থায় ফেটে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকারা। শাহিদ আফ্রিদি নিজের জামাই শাহিন আফ্রিদি সহ বাবর আজম ও শাদাব খানকে দল থেকে বাদ দিয়ে বেঞ্চে বসানোর দাবি তুলেছেন। অন্যদিকে, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার পিসিবি প্রধান মহসিন নকভি এবং জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের চরম সমালোচনা করে বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যারা ব্যর্থ হয়, তাদের কেন নিঃশর্ত সমর্থন দেওয়া হচ্ছে?” গ্রুপ এ-তে ভারত এখন টানা তিন জয়ে শীর্ষে, আর পাকিস্তান নেমে গিয়েছে তিন নম্বরে।