৫ বছরেই কি মুছে যাবে IT আর BPO সেক্টর? AI-এর দাপটে মহাপ্রলয়ের পূর্বাভাস দিলেন বিনোদ খোসলা!

কৃত্রিম মেধা বা AI আগামী দিনে বিশ্ব অর্থনীতি এবং কর্মসংস্থানের মানচিত্র আমূল বদলে দিতে চলেছে। সম্প্রতি ইন্ডিয়া এআই সামিট (AI Summit)-এর আগে এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন প্রখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা তথা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বিনোদ খোসলা। তাঁর মতে, আগামী পাঁচ বছরের মধ্যে প্রথাগত IT পরিষেবা এবং BPO খাত কার্যত অবলুপ্ত হয়ে যেতে পারে। এমনকি আগামী ১৫ বছরের মধ্যে অধিকাংশ দক্ষতাভিত্তিক কাজ সরাসরি এআই-এর দখলে চলে যাবে।

খোসলা মনে করেন, ইন্টারনেট বা স্মার্টফোন যে বিপ্লব ঘটিয়েছিল, এআই তার থেকেও কয়েক গুণ বড় পরিবর্তন আনবে। ২০৩৫ সালের মধ্যে অ্যাকাউন্টিং, চিকিৎসা, চিপ ডিজাইন থেকে শুরু করে সেলস—সব ক্ষেত্রেই মানুষের চেয়ে বেশি দক্ষ হয়ে উঠবে এআই। এর পরবর্তী ধাপে কায়িক শ্রমের ক্ষেত্রেও মানুষের বিকল্প হিসেবে রোবট চলে আসবে। তবে তিনি একে কেবল হুমকি হিসেবে দেখছেন না। তাঁর দাবি, সঠিক সরকারি নীতি থাকলে স্বাস্থ্য, শিক্ষা এবং আইনি পরিষেবা প্রায় বিনামূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ভারতের প্রসঙ্গে খোসলার পরামর্শ অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, ভারতকে শুধুমাত্র ‘চাকরি তৈরির পুরনো মডেল’ বা আউটসোর্সিং-এ আটকে থাকলে চলবে না। IT এবং BPO-র বদলে ভারতকে এখন এআই-ভিত্তিক পণ্য ও পরিষেবা রফতানির দিকে নজর দিতে হবে। ভারতের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের এই চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রস্তুত করার ওপর জোর দিয়েছেন তিনি। পাশাপাশি, মার্কিন রাজনীতির সমালোচনা করে তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি দীর্ঘমেয়াদে উদ্ভাবনী শক্তিকে ক্ষতিগ্রস্ত করবে।