নামে এক নম্বর, কাজে শূন্য! টানা ৪ ম্যাচে খাতা খুলতে ব্যর্থ অভিষেক, চিন্তায় টিম ইন্ডিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে পাকিস্তানের বিরুদ্ধে যখন গোটা দেশ জ্বলে ওঠার অপেক্ষায় ছিল, তখন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যেন একরাশ হতাশা নেমে এল অভিষেক শর্মার ব্যাটে। বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে টুর্নামেন্ট শুরু করা অভিষেকের জন্য এই বিশ্বকাপ এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৪টিতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন এই তরুণ তুর্কি। আজ পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন তিনি।
অসুস্থতা না কি ফর্মের অভাব? গত কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। ভারতের একাদশ ঘোষণার আগে পর্যন্ত তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু দেশের টানে অসুস্থ শরীর নিয়েই মাঠে নেমেছিলেন এই ওপেনার। তবে ভাগ্য আজ তাঁর সহায় ছিল না। পাকিস্তানের অধিনায়ক সলমন আগার অফ-স্পিন সামলাতে গিয়ে ইনিংসের চতুর্থ বলেই শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। মুম্বইতে আমেরিকার বিরুদ্ধে প্রথম বলে আউট হওয়ার পর আজ কলম্বোতেও তাঁর ঝুলিতে কেবল ‘শুন্য’।
পরিসংখ্যানের কাঠগড়ায় অভিষেক আইসিসি র্যাঙ্কিংয়ের সিংহাসনে থাকলেও অভিষেকের সাম্প্রতিক ফর্ম নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পাওয়ার প্লে-তে যে মারকুটে ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত, মেগা টুর্নামেন্টে এসে তা কার্যত উধাও। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, র্যাঙ্কিংয়ের এক নম্বর মুকুট তাঁর ওপর বাড়তি চাপের পাহাড় তৈরি করেছে। এখন প্রশ্ন উঠছে, সুপার এইটের আগে অভিষেক কি পারবেন তাঁর হারানো ছন্দ ফিরে পেতে? না কি টিম ইন্ডিয়াকে বিকল্প ওপেনারের কথা ভাবতে হবে? উত্তর দেবে সময়।